ঘর তৈরিতে প্রেইরি ডগরা প্রকৃতির সেরা সব উপাদান ব্যবহার করে। সুড়ঙ্গ খোঁড়ার সময় তারা মাটির সঙ্গে নিজের লালা মিশিয়ে এক ধরনের শক্ত আস্তর তৈরি করে, যা শুকিয়ে গেলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায়। এতে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে পারে না এবং সুড়ঙ্গ ধসে যাওয়ার ভয় থাকে না। ঘরের ভেতরের অংশটুকু আরামদায়ক করার জন্য তারা শুকনো ঘাস, লতাপাতা, পশম এবং নরম তুলাজাতীয় জিনিস কুড়িয়ে এনে বিছানা পাতে। বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করা ‘নার্সারি’ রুমটি তারা সবচেয়ে নরম উপকরণ দিয়ে সাজিয়ে রাখে।
প্রেইরি ডগদের এই শহরের সবচেয়ে আধুনিক দিক হলো এর ঘরবিন্যাস। আমাদের বাড়ির মতোই এদের সুড়ঙ্গের ভেতর থাকে আলাদা আলাদা কক্ষ। খাওয়ার জন্য ডাইনিংরুম, শীতের জন্য খাবার জমিয়ে রাখার স্টোররুম এবং ঘুমানোর আলাদা ঘর। এমনকি তারা খুব স্বাস্থ্যসচেতন; তাই মলত্যাগের জন্য সুড়ঙ্গের এক কোণে আলাদা গর্ত খুঁড়ে রাখে, যা তারা নিয়মিত পরিষ্কার করে। গর্তের দুই দিকে মুখ থাকায় বাতাস আসা-যাওয়ার চমৎকার ব্যবস্থা থাকে, ফলে মাটির নিচেও কখনো গুমট লাগে না।