* দুধ চুলায় থাকতেই ছানার পানি দিয়ে নাড়তে থাকুন। এরপর ছানা কাপড়ে ছেঁকে পানি বের করে নিন। এক লিটার দুধে ৩০০ গ্রাম ছানা হবে।
* ছানায় ৫০ গ্রাম চিনি দিয়ে একটি পাত্রে নিয়ে চুলায় নেড়েচেড়ে রান্না করুন। ছানা যখন শুকিয়ে আঠালো হবে, তখন নামিয়ে পাত্রে নিয়ে ঠাণ্ডা করুন। নামানোর আগে একটু ঘি দিয়ে নিন।
* ঠাণ্ডা হলে সন্দেশের আকারে বরফি বা ডাইসে দিয়ে পছন্দমতো বিভিন্ন ডিজাইন তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল দুধের সন্দেশ।
ইলিশের ডিম ঝুরা ভাজি
উপকরণ
ইলিশের ডিম এক জোড়া, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচা মরিচ আট-দশটি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, নারকেল কুড়ানো দুই টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ এবং সয়াবিন তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
* ইলিশ মাছের ডিম, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিন। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন।
* এবার সিদ্ধ ডিম ভাজা পেঁয়াজের ভেতরে দিয়ে নেড়ে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনে গুড়া, লবণ, নারকেল কুড়ানো ও সামান্য পানি দিয়ে নেড়ে রান্না করুন পাঁচ-সাত মিনিট।
* পরে কাঁচা মরিচ ফালি দিয়ে আবারও নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের ডিমের ঝুরা ভাজি।
আম ডাল
উপকরণ
মসুর ডাল এক কাপ, কাঁচা মরিচ পাঁচ-ছয়টি, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, কাঁচা আম একটি, শজনে ডাঁটা আট-দশটি এবং সয়াবিন তেল চার টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
* শজনে ডাঁটা ও আম কেটে ধুয়ে রাখুন। এবার মসুর ডাল ধুয়ে আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, সয়াবিন তেল দিয়ে মাখিয়ে পরিমাণমতো পানি দিন।
* এবার ডাল সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করুন। ফুটে উঠলে ডাল ঘুঁটে নিন। শজনে ডাঁটা, আম ও কাঁচা মরিচ দিয়ে আরো আট-দশ মিনিট রান্না করুন।
* সব শেষে ধনেপাতা কুচি দিয়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আম ডাল।
উচ্ছে ভাজি
উপকরণ
উচ্ছে আধা কেজি, আলু একটি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ছয়-সাতটি, শুকনা মরিচ দু-তিনটি, হলুদ গুঁড়া আধা চা চামচ, সয়াবিন তেল চার টেবিল চামচ, চিংড়ি মাছ ১০০ গ্রাম এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
* উচ্ছে ও আলু কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ ছিঁড়ে ফোড়ন দিন।
* মরিচ লালচে হলে চিংড়ি মাছ, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দু-এক মিনিট ভেজে নিন।
* পরে উচ্ছে ও আলু দিয়ে নেড়েচেড়ে রান্না করুন পাঁচ-সাত মিনিট। এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দিয়ে আরো পাঁচ-ছয় মিনিট রান্না করুন।
* এবার সিদ্ধ হলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল উচ্ছে ভাজি।
তিন রকম ভর্তা প্ল্যাটার
লাউপাতা ভর্তার উপকরণ
লাউপাতা ১৫ থেকে ২০টি, পেঁয়াজ কুচি করা দুটি, রসুন কুচি করা দুটি, শুকনা মরিচ আট-দশটি এবং লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
* লাউপাতা কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিন।
* এবার পাটায় শুকনা মরিচ সামান্য লবণ দিয়ে মিহি করে বেটে নিন। পরে রসুন ও পেঁয়াজ বেটে, সিদ্ধ লাউপাতা বেটে মিশিয়ে আবারও বেটে নিন। রেডি হয়ে গেল লাউপাতার সবুজ ভর্তা।
কাইক্কা শুঁটকি ভর্তার উপকরণ
কাইক্কা শুঁটকি ১০০ গ্রাম, শুকনা মরিচ ১০-১২টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি দুটি এবং লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
* শুঁটকি ছোট টুকরা করে সামান্য ভেজে ভালো করে ধুয়ে নিন।
* তারপর কড়াইয়ে শুঁটকি, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও লবণ দিয়ে হালকা সিদ্ধ করে বা ভেজে নিন।
* পাতায় বেটে ভর্তা তৈরি করে নিন। রেডি হয়ে গেল কাইক্কা শুঁটকির ঝাল ভর্তা।
কালিজিরা ভর্তার উপকরণ
কালিজিরা আধা কাপ, শুকনা মরিচ ১০-১২টি, পেঁয়াজ দুটি, রসুনের কোয়া আট-দশটি, লবণ স্বাদমতো এবং সরিষার তেল দুই টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
* কালিজিরা সামান্য ভেজে নিন। এবার পাটায় শুকনা মরিচ ও লবণ দিয়ে মিহি করে বেটে নিন।
* পরে কালিজিরা মিহি করে বেটে পেঁয়াজ দিয়ে বাটুন। শেষে সরিষার তেল মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার কালিজিরা ভর্তা।