ধরো জানালার শরীর বেয়ে বেড়ে ওঠা মানিপ্লান্টটা তোমার অগোচরে
কার্নিশ ঘেঁষে আকাশ ছুঁলো—
তুমি ছেঁটে ফেলা ছাড়া
তাকে আর কি নামিয়ে আনতে পারবে
হাতের নাগালে?
ভালোবাসায় যুক্ত হলে অবহেলা
তা শুধু বাড়ায় তিক্ততা—
এই যে জীবন,
কাশফুল ফুটে থাকা মধ্যাহ্ন;
তোমার অবহেলায় তা পরিণত হতে পারে
শ্রান্ত বিষণ্ন গোধূলিতে
অবহেলাযুক্ত যে ভালোবাসা
তা শুধু কান্না ছড়ায়
না, এমনভাবে ভালোবেসো না
তার চেয়ে দূরে যাও ভুলে যাও
আর স্মৃতিতে জেগে থাকুক
চাঁদ ছোঁয়া একটি রাত
এবং স্পর্শে কাতর কিছু মধ্যদুপুর।
।








