মুক্তাগাছায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা হয়। এ সময় স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির জন্য গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালিও অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন