বাংলাদেশের ছবি
জান্নাত হক দিশা
আমার মন হয়ে যায় বাউল এবং
মন হয়ে যায় কবি
দু’চোখ ভরে দেখি যখন
বাংলাদেশের ছবি।
আমি ছন্দ-গানে গাই রে যখন
বাংলাদেশের গান
সুরের মোহে হারাই দিশা
হয় যে আকুল প্রাণ।
আমি রঙতুলিতে আঁকি যখন
গাঁয়ের দৃশ্য, নদী
মন ভরে যায়, বাঁচতে শেখায়
সে সব নিরবধি।
আমার মন হয়ে যায় উদাস এবং
ভোরের ফোটা রবি
দুচোখ ভরে দেখি যখন
বাংলাদেশের ছবি।








