সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিজয়ের গানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের কনসার্টে শিল্পী সায়ান। ছবি : মোহাম্মদ আসাদ
মহান বিজয় দিবস উপলক্ষে লাল-সবুজের আবেশে গতকাল মঙ্গলবার ভরে ওঠে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে সেখানে। মিষ্টি রোদ আর হালকা শীতের পরশে গতকাল বিকেলের হাওয়াটা একাকার হয়ে ওঠে গান, করতালি আর উচ্ছ্বাসে। জাতীয় পতাকা হাতে তরুণ-তরুণীদের সরব উপস্থিতিতে প্রাণ পায় বিজয় দিবসের উৎসব।

 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল দুপুর আড়াইটার দিকে শুরু হয় প্রতীক্ষার বিজয় দিবস কনসার্ট। দুই দিনের বিজয় উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত রাখা হয়। দুপুরের আগেই পরিবার-পরিজনসহ, তরুণ-তরুণী ও সংগীতপ্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে উদ্যান।

কনসার্টের শুরুতে শিশুদের গানের দল তারার মেলা মিলিত কণ্ঠে পরিবেশন করে কালজয়ী গান ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’।

শিশুদের কণ্ঠে বিজয়ের এই গান দর্শকদের আবেগ ছুঁয়ে যায়। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড এফ মাইনর। ‘সেই রেললাইনের ধারে’ ও ‘জংলি ফুল’ গান পরিবেশন করে তারা দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে। 

এরপর একক শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান মঞ্চে উঠে পরিবেশন করেন ‘স্বাধীনতার মুগ্ধতা’, ‘তাহাদের কথা’, ‘চব্বিশ আর একাত্তর’, ‘ভয় পেও না বাংলাদেশ’ ও ‘গান চলছেই’।

তাঁর গানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা একাকার হয়ে ওঠে। 

কনসার্টে পর্যায়ক্রমে গান পরিবেশ করে ব্যান্ড শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টঙের গান, আফটারম্যাথ ও ফিরোজ জং। এ ছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করেন ফারিয়া ইলা লালালা।

বিকেলের দিকে ভিড় ক্রমে বাড়তে থাকে। উদ্যানের মূল ফটক থেকে ভেতরের মাঠ—সবখানে তরুণ-তরুণীদের বিপুল উপস্থিতি।

কেউ দল বেঁধে বন্ধুদের সঙ্গে এসেছে, কেউ প্রিয় ব্যান্ডের গান শুনতে, কেউ আবার শুধু বিজয় দিবসের উৎসবের আবহ উপভোগ করতে। কারো হাতে জাতীয় পতাকা, কারো গায়ে লাল-সবুজের টি-শার্ট। মোবাইল ফোনে ছবি তোলা ও লাইভ ভিডিওতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। 

মঞ্চের সামনে জায়গা নিতে অনেকে আগেভাগেই অবস্থান নেন। কেউ ঘাসে বসে গল্পে মেতে ওঠেন, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেন প্রিয় শিল্পীর পরিবেশনার জন্য। সাউন্ড চেকের শব্দ ভেসে এলেই করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

আয়োজকরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল দেশজুড়ে শিল্পকলা একাডেমির সব শাখায় একযোগে পরিবেশিত হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান। মুক্তিযুদ্ধের সময় যেসব গান বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, সেসব গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে আবারও ছড়িয়ে পড়ছে দেশের ৬৪ জেলায়।

গান, মানুষের উপস্থিতি আর লাল-সবুজের উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যান গতকাল হয়ে ওঠে বিজয়ের এক অনন্য প্রতীক। যেখানে সুরে সুরে উচ্চারিত হয় স্বাধীন বাংলাদেশের গল্পগাথা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com