ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক আরো ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরো দুরবস্থার মধ্যে পড়েছে।
তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস মজুদ কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানিনির্ভরতা বেড়েছে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।
বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, এলপিজি অটোগ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ, ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিসিআই সহসভাপতি মো. সালিম সোলায়মান।