সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্বাস্থ্যের ৩টিসহ ১২ প্রকল্প অনুমোদন

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতের জরুরি ব্যয়ের জন্য তিন হাজার ৪২২ কোটি টাকার তিনটি প্রকল্পসহ মোট সাত হাজার ১৫০ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব অর্থই সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে।

গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

 

পরিকল্পনাসচিব এস এম শাকিল আখতার সাংবাদিকদের বলেন, একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ৯টি, সংশোধিত দুটি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প রয়েছে। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। একনেক সভায় জনস্বাস্থ্য খাতে কিছু জরুরি প্রয়োজন মেটাতে, অসমাপ্ত প্রকল্প সম্পন্ন করতে এবং নতুন বৃহৎ স্বাস্থ্য কর্মসূচি অনুমোদন না পাওয়া পর্যন্ত সেবা কার্যক্রম সচল রাখতে তিন হাজার ৪২২ কোটি টাকার তিনটি অস্থায়ী প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

 

প্রস্তাবিত তিন হাজার ৪২২ কোটি টাকার মধ্যে দুই হাজার ১৮১ কোটি টাকা রাজস্ব খাতে এবং এক হাজার ২৪১ কোটি টাকা উন্নয়ন বা মূলধনী খাতে ব্যয় করা হবে। ব্যয়ের সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে গর্ভনিরোধক, ওষুধ, প্রতিষেধক ও চিকিৎসাসামগ্রী কেনার জন্য—মোট এক হাজার ১৭০ কোটি টাকা। এর মধ্যে গর্ভনিরোধক কেনায় ব্যয় হবে প্রায় ৯৪৭ কোটি টাকা, ওষুধ ও প্রতিষেধকে প্রায় ১৯৩ কোটি টাকা। উন্নয়ন খাতে বড় অংশের (৮৫৮ কোটি টাকা) ব্যয় হবে ভবন নির্মাণ ও সংস্কারে।

এতে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও দপ্তরের অসমাপ্ত ভবনগুলো সম্পন্ন করা হবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুনে শেষ হওয়া স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের চতুর্থ কর্মসূচির (এইচপিএনএসপি-৪) মোট ব্যয় ছিল ৪৯ হাজার ৩৭৫ কোটি টাকা, যার ৩৮ শতাংশের বেশি এসেছিল বিদেশি ঋণ ও অনুদান থেকে। ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় পঞ্চম ধাপের কর্মসূচি (এইচপিএনএসপি-৫) প্রস্তাব করেছে, যার সম্ভাব্য ব্যয় এক লাখ ছয় হাজার কোটি টাকার বেশি।

একনেক সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে—মানিকগঞ্জ ও সাতক্ষীরার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প এবং ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্প। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় অফিসারদের জন্য ‘বি’ টাইপ আবাসন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নড়াইল-কালিয়া মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল’ প্রকল্পকে তৃতীয়বারের মতো সংশোধন করে অনুমোদন দেওয়া হয়েছে। 

সভায় পরিকল্পনা উপদেষ্টা এরই মধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com