খোঁজ নিয়ে জানা গেছে, কাজ শুরু হওয়ার আগে প্রায় পাঁচ বছর প্রকল্পটি ঝুলে ছিল জমি না পাওয়ায়। ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে শিশু হাসপাতালের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।
গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। হাসপাতাল নির্মাণের খবরে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছিল স্বস্তি। কিন্তু কাজ বন্ধ থাকায় তারা হতাশ।
বর্তমানে শিশুদের চিকিৎসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে এত চাপ যে একটি বেডে তিনটি শিশুকে রাখতে হয়। ওয়ার্ডে পা ফেলার জায়গা থাকে না। চরম দুর্ভোগ সয়ে এখানে চিকিৎসা নিতে হয়।
জেলাবাসীর প্রয়োজনের কথা বিবেচনায় সরকারের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীতে একটি আধুনিক শিশু হাসপাতাল নির্মাণের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, শিশু হাসপাতালটি নির্মাণে ২০২৩ সালের ২৭ আগস্ট কার্যাদেশ দেওয়া হয়। ১২ সেপ্টেম্বর ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প স্থানে বালু ফেলা শুরু করে। কাজও এগিয়ে নিয়ে যেতে থাকে। প্রাথমিকভাবে এটি দোতলা পর্যন্ত হওয়ার কথা ছিল। পরে আরো তলা বাড়বে। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ের পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। টাকা বরাদ্দও বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বাধ্য হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখে। গণপূর্ত বিভাগের ভাষ্যমতে, প্রকল্পে ১০ কোটি টাকার মতো কাজ হয়েছে।
এ ব্যাপারে কাজটির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ইফতেখার বলেন, প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। বরাদ্দও বন্ধ হয়ে গেছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান আপাতত কাজ করছে না। তবে কাজটি শুরুর ব্যাপারে তাদের চেষ্টা আছে।