কুমিল্লার লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ঝুঁকিপূর্ণ দ্বিতল এই ভবনটিতে চলছে চিকিৎসাসেবা। চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়েই রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করছেন।এদিকে হাসপাতালের আবাসিক কোয়ার্টারগুলো কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। এখন সেখানে চলে মাদকসেবীদের জমজমাট আড্ডা।হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমাই, নাঙ্গলকোট, মনোহরগঞ্জসহ আশপাশের উপজেলা থেকে শত শত রোগী সেবা নিতে আসে এই হাসপাতালে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার থেকে এক হাজার ২০০ রোগী সেবা নেয়।
হাসপাতালে ভর্তি হওয়া একাধিক রোগী বলেন, ‘চিকিৎসা নিয়ে বাঁচতে এসে আতঙ্কে আছি।ভবনের অংশ ধসে পড়ে কখন যেন মারা যাই। এরই মধ্যে ভবনের ছাদের কয়েকটি স্থানের পলেস্তারা খসে পড়ছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান রিয়াদ বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসাসেবা দিতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।