৫১ বছরের জীবন পেয়েছিলেন ঋত্বিক। এর মধ্যে কর্মজীবন বলতে গেলে আড়াই দশক। এটুকু সময়ে তিনি বানিয়েছেন আটটি পূর্ণদৈর্ঘ্য ছবি। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র মিলিয়ে আরো খান দশেক ছবি। তাতেই ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ নির্মাতাদের একজন হয়ে উঠেছেন তিনি।

ঋত্বিক স্মরণে যত আয়োজন
রবিবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে ঋত্বিক কুমার ঘটক ও প্রতীতি দত্তের [ঋত্বিকের যমজ বোন] জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। এতে উপস্থিত ছিলেন নির্মাতার বিখ্যাত ছবি ‘তিতাস একটি নদীর নাম’-এর প্রযোজক হাবিবুর রহমান খান, অভিনেতা আবুল হায়াত, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে আজ বিকেল ৩টায় রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে রয়েছে বিশেষ আয়োজন। এতে নির্মাতাকে নিয়ে আলোচনা করবেন মইনুদ্দিন খালেদ। বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে ঋত্বিকের দুটি কালজয়ী ছবি ‘কোমল গান্ধার’ ও ‘অযান্ত্রিক’-এর প্রদর্শনী। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। এ ছাড়া বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে থাকছে বিশেষ সেমিনার “ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র : মালো জীবন-বাস্তবতার মহাকাব্যিক নির্মাণ।”