সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সমবায় সমৃদ্ধির সোপান

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বর্তমান বিশ্বে যা কিছু উন্নয়ন আমরা দেখতে পাই তার মূলে রয়েছে যৌথ প্রচেষ্টা। এই যৌথ প্রচেষ্টার আরেক নাম সমবায়। সমবায় একটি অর্থনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক সংগঠন। এর আবির্ভাব হয়েছিল সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য। তবে বর্তমানে সমবায় আর শুধু সুবিধাবঞ্চিত ক্ষুদ্র গোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা প্রদান করেই থেমে নেই। বরং সমবায় এখন বৃহৎ শিল্পায়ন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। প্রতিবছর ১ নভেম্বর জাতীয় সমবায় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
যদিও সমবায় অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর প্রধান দায়িত্ব হলো সমবায় সমিতিগুলোর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান, তবুও সমবায় নিবন্ধক ও মহাপরিচালকের পদটি গ্রেড-২তে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে এর মহাপরিচালকের পদটি গ্রেড-১এ অবস্থান করছে। এটি সত্যিই আমাদের অবাক করেছে।

সমবায় একটি বিসিএস ক্যাডার সার্ভিস হওয়া সত্ত্বেও এ ক্যাডারের কিছু কর্মকর্তা এক পর্যায়ে উপসচিব হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে চলে যান। ফলে দক্ষ সমবায় কর্মকর্তার অভাব পরিলক্ষিত হয়। সমবায়ের স্বার্থে সমবায় ক্যাডার সার্ভিসের কর্মকর্তার অন্য সার্ভিসে যাওয়া বন্ধ করা উচিত বলে মনে করি। পক্ষান্তরে সমবায় কর্মকর্তাদের আরও বেশি পরিমাণে সমবায় মনোভাবাপন্ন হওয়া উচিত।

কেন্দ্রীয় সমবায় ব্যাংকগুলোকে আরও শক্তিশালী ও কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারলে আমরা উপকৃত হবো। সমবায় অধিদপ্তরের প্রেষণে নিয়োজিত ‘নির্বাহী কর্মকর্তা’র পদটি সহকারী নিবন্ধক (প্রথম শ্রেণি) করা যেতে পারে। প্রতিটি উপজেলায় একটি সমবায় ব্যাংক স্থাপন করা যেতে পারে। উপজেলা সমবায় ব্যাংক হতে পারে মাঠ পর্যায়ের সব সমবায় সমিতির ঋণ প্রদানকারী সংস্থা। সমবায় অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব করছি। এ ব্যাপারে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে।

প্রথমত, সমবায় মার্কেটকে (সাবেক বিডিআর মার্কেট) আরও আধুনিকায়ন করে সেবার মান বৃদ্ধি করা। সেই সঙ্গে প্রতিটি জেলায় একটি উন্নতমানের সমবায় শপিংমল করা যেতে পারে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য সহজলভ্য হবে এবং অন্যদিকে সমবায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেতে পারে। সমবায় মার্কেটে অনলাইন শপিং সিস্টেম চালু করা যেতে পারে। দ্বিতীয়ত, বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় থাকা সমবায় সমিতিগুলোকে দক্ষ সমবায় কর্মকর্তা দ্বারা অডিট করা যেতে পারে। অডিট রিপোর্টের ফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অগ্রগতি আনা সম্ভব।
তৃতীয়ত, সমবায় কর্মকর্তাকে ভাবতে হবে– তারা জনগণের সেবক। কর্মকর্তা ও সমবায় সমিতির মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমবায় কর্মকর্তাকে দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করতে হবে।
চতুর্থত, সমবায়গুলোকে লাভের চেয়ে দীর্ঘস্থায়ী ব্যবসায়িক উন্নয়ন ও সদস্যদের সুবিধা নিশ্চিত করার প্রতি বেশি মনোযোগী হতে হবে।পরিশেষে আমরা বলতে পারি, সমবায়ের মাধ্যমে উন্নত বাংলাদেশ  গঠন করা সম্ভব। সে ক্ষেত্রে সরকার, সমবায় মন্ত্রণালয় ও সমবায় অধিদপ্তরের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমবায়ের বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পর্যাপ্ত পরিমাণ বাজেটের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সমবায় কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি আরও গুরুত্ব আরোপ করা প্রয়োজন।

এম এম মোর্শেদ: সিনিয়র ম্যানেজার– কমপ্লায়েন্স (বিভাগীয় প্রধান), ইন্টারটেক বাংলাদেশ

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com