ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনিসহ সকল রোগের সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইন্টারনাল মেডিসিন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে এ মন্তব্য করেন তারা।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা. এএসএম লুৎফুল কবির শিমুল, মেডিসিন বিশেষজ্ঞ ডা.এইচ.এম. হামিদুল্লাহ মেহেদীসহ আরও অনেকে। সম্মেলনে বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেন ডা. নাজমুস সালেহ এবং ডা. তারেকুল মজিদ। এ সময় হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন।
ডা. এএসএম লুৎফুল কবির শিমুল বলেন, ইন্টারনাল মেডিসিনকে বলা হয় ডক্টর অব ডক্টর। ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব কখনো শেষ হবে না। ভবিষ্যতের রোগের অনেক কিছু নির্ভর করবে ইন্টারনাল মেডিসিনের ওপর। রোগী প্রথমে যেকোনো সমস্যা নিয়ে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞকে দেখালে তার রোগ দ্রুত নিরূপণ করা সম্ভব হয়। অনেক সংকট সীমাবদ্ধতার মধ্যেও কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগ। করোনা মহামারিতে বড় ভূমিকা রেখেছেন এ বিভাগের চিকিৎসকরা।’
ডা.এইচ.এম. হামিদুল্লাহ মেহেদী বলেন, যেকোনো জটিল রোগীর চিকিৎসার টিমে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ মুখ্য সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।
এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও একাডেমিক দায়িত্বও ইন্টার্নিস্টগণ পালন করেন। অনেক জটিল রোগের সমন্বিত চিকিৎসায়
ইন্টারনাল মেডিসিন অপরিহার্য।
সেমিনারে বক্তারা ইন্টারনাল মেডিসিনের বিভিন্ন দিক যেমন সমন্বিত রোগ ব্যবস্থাপনা, রেফারেল সিস্টেম, জটিল রোগীর চিকিৎসায় ইন্টার্নিস্টের ভূমিকা, মহামারী যেমন ডেঙ্গু, কোভিড ইত্যাদিতে মেডিসিন বিভাগের অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।