অক্টোবর সমাচার
অক্টোবর মাসটা শিরিন শিলার জীবনে এক বিস্ময় ও স্মরণীয় মুহূর্ত এনেছে। মাকে নিয়ে আমেরিকা ও কানাডায় ঘুরে এসেছেন। দুটি ছবি মুক্তি পেয়েছে এ মাসেই। এই মাসেই ছিল তাঁর বিবাহবার্ষিকী।সেই সঙ্গে নতুন দুটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন—‘যাযাবর’ ও ‘নীল আকাশে পাখি উড়ে’। শিরিন বলেন, “একটা মাস আগেও কল্পনা করিনি যে এত এত চমক অপেক্ষা করছে আমার জন্য। আগে থেকেই চূড়ান্ত ছিল মাকে নিয়ে প্রথমে কানাডা এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাব। শর্ট ট্রিপ, ১৫ দিনের।
নতুন ছবির কথা
প্রথম দিকে বাণিজ্যিক ছবির দিকে ঝুঁকেছিলেন বেশি। প্রথম ছবি ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ [২০১৪] দিয়েই নজর কেড়েছিলেন। এরপর শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’, মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙা সংসার’, মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাঁকে। সর্বশেষ ‘ডাইরেক্ট অ্যাটাক’ও ছিল নাচ-গান আর মারামারির ছবি। তবে গত বছর থেকে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন থেকে গতানুগতিক কাজ করতে চান না তিনি। প্রমাণও রাখছেন। মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ ছবিতে অভিনয় করেছেন সাধারণ একজন রমণীর চরিত্রে। ‘নীল আকাশে পাখি উড়ে’ ছবিতে তাঁকে দেখা যাবে স্কুল শিক্ষিকার চরিত্রে। মেয়েটি একটা অনাথ আশ্রমের দেখাশোনাও করে। অন্যদিকে ‘যাযাবর’-এ অভিনয় করবেন গ্রামীণ এক তরুণীর ভূমিকায়। শিরিন বলেন, ‘নিজেকে ভাঙার চেষ্টা করছি। দেখতে দেখতে ক্যারিয়ারের এক দশক হলো। এখন ভিন্ন ভিন্ন গল্পে ছবি তৈরি হচ্ছে। সেগুলোতে নিজেকে মেলে ধরতে চাই।’
বিয়ের পরের জীবন
একসময় বন্ধু-বান্ধবীদের সঙ্গে হৈ-হুল্লোড়, আড্ডাবাজি করেই সময় কাটত শিরিনের। গত বছর বিয়ের পর এখন নিজেকে অনেকটাই গুছিয়ে এনেছেন। শুটিং না থাকলে পরিবারকে সময় দেন। শ্বশুরবাড়িও যান নিয়মিত। স্বামীকে নিয়ে করেন কাপল ভ্লগও। গতকাল গিয়েছিলেন এক কাজিনের বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই মুঠোফোনে বলেন, ‘বাঙালি মেয়ে আমি। আমার কাছে সংসারটাই আসল। আমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন কখনোই আমাকে অভিনয় ছাড়তে হবে, মিডিয়া ছাড়তে হবে—এমন কথা বলেননি। তাঁদের দিকেও তো আমাকে তাকাতে হবে। যখন শুটিং থাকে না আমি রান্নাবান্না করি। পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করি। এখন তারাই আমার বন্ধু-স্বজন।’