ডেঙ্গুতে গত এক দিনে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২৫৩ জনের প্রাণ গেছে। হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে।গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নারী, একজন পুরুষ। তাদের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ১৬, ৭০, ৩০ ও ৫৫ বছর।








