
এই ফিচারের মডেল মেহেরাব দিপেরও দারুণ পছন্দ মাইক্রোফ্যাব্রিকস হাফস্লিভ শার্ট।ফটো শুটে এসে শার্টগুলো দেখেই বললেন, ‘আরে, এই শার্ট তো এখন প্রতিদিন পরি আমি।’ কারণ জানতে চাইলে দিপ বলেন, ‘শার্টগুলো পরলে মনে হয় না গায়ে কিছু পরেছি। একদম হালকা। শরীর থেকে ঘাম শোষণ করে। ঢিলেঢালা কাটের হওয়ায় গায়ে বাতাস পাওয়া যায়।

মাইক্রোফ্যাব্রিকস শার্টের সবচেয়ে বড় সুবিধা হলো সহজে কুঁচকে যায় না। ফলে ইস্ত্রি করার প্রয়োজন হয় না। কাপড় টেকসই হওয়ায় দীর্ঘদিন ব্যবহার করা যায়। রং সহজে ফ্যাকাসে হয় না। দীর্ঘ সময় উজ্জ্বল থাকে। স্লিম ফিট বা রেগুলার ফিট—উভয় কাটেরই শার্ট পাওয়া যায় ব্র্যান্ডগুলোতে। ফলে দেহের গড়নের সঙ্গে মানানসই যেকোনো শার্ট বেছে নেওয়ার সুযোগ রয়েছে ক্রেতাদের।
ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও এমন শার্ট এনেছে বিভিন্ন ব্র্যান্ড। ছেলেদের তুলনায় মেয়েদের শার্টগুলো তুলনামূলক খাটো। তবে মেয়েদের শার্টের হাতার কাট ও প্যাটার্নে বৈচিত্র্য যোগ করেছেন ডিজাইনাররা। ফ্রিল্যান্ডের ই-কমার্স অ্যান্ড সোস্যাল মিডিয়া মডারেটর তৌকির আহমেদ জানালেন, তরুণ-তরুণীদের মধ্যে এমন শার্টের চাহিদা অনেক। মাইক্রোফ্যাব্রিকস এমনিতেই আরামদায়ক। এর সঙ্গে ঢোলা কাট ও হাফস্লিভ হওয়ায় তা আরো স্বাচ্ছন্দ্য যোগ করে। ছেলে-মেয়ে উভয়ের শার্টের কলারেই স্যুট কলার কাট দেওয়া হয়েছে। এ জন্য বুকে বাতাস লাগে। গরমেও শরীর শীতল রাখে। মেয়েদের জন্য বৈচিত্র্য আনতে হাতা একটু লম্বা রেখে প্যাটার্নের নতুনত্ব রাখা হয়েছে।

রিচম্যান, ইনফিনিটি, সেইলর, টুয়েলভ, ফ্রিল্যান্ড, প্লাস পয়েন্ট, বিশ্বরঙ, ইয়েলো থেকে শুরু করে ছোট-বড় অনেক ব্র্যান্ডেই পাওয়া যাবে মাইক্রোফ্যাব্রিকের হাফস্লিভ শার্ট। এ ছাড়া দারাজ, অথবা ডটকম, আরভিসহ বিভিন্ন অনলাইন শপেও কিনতে পাবেন। সামারের ক্লাসিক লুক তো পাবেনই, সঙ্গে বিচওয়্যার হিসেবেও দারুণ মানানসই শার্টগুলো। কালো, সাদা, নীল, লাল, হলুদ, খয়েরি, বেগুনি, বাদামিসহ বিভিন্ন রঙের সাহায্যে নকশা ফুটিয়ে তোলা হয়েছে। সব শার্টেই ডিজিটাল প্রিন্টের নকশা। রিচম্যান ও ইনফিনিটির এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদুল হক মুকুল জানালেন, ভিন্নতা আনতে বড় বড় ফাঁকা রাখা এমব্রয়ডারির নকশার শার্টও কিনতে পাবেন। ফুল, ফল, পাখি, লতাপাতা, মাছসহ বিভিন্ন থিম ফুটিয়ে তোলা হয়েছে শার্টের নকশায়। যাঁদের স্যুট কলার পছন্দ নয়, তাঁদের জন্য রয়েছে সাধারণ শার্টে কলারের ব্যবস্থাও।

এক বা একাধিক পকেটের শার্টও বেছে নিতে পারবেন। ক্লাস, ক্যাম্পাস, আড্ডা, ভ্রমণ থেকে শুরু করে প্রতিদিনের ক্যাজুয়াল লুকে স্টাইলিশ ভাব এনে দেবে রংবেরঙের বর্ণিল নকশা করা মাইক্রোফ্যাব্রিকস শার্ট।
দাম
ছেলেদের শার্টগুলোর দাম পড়বে ৯৯০ থেকে তিন হাজার ৫০০ টাকা পর্যন্ত। মেয়েদের শার্ট পাবেন ৯৯০ থেকে দুই হাজার ৪০০ টাকার মধ্যে। চাহিদা বেশি হওয়ার কারণে এখন নিম্নমানের মাইক্রোফ্যাব্রিকস শার্টে ভরপুর বিভিন্ন অনলাইন ও ফুটপাতের দোকান। কম দাম হওয়ায় অনেকেই কিনে প্রতারিত হন। এ জন্য ফুটপাত ও অনলাইন থেকে কেনার আগে যাচাই-বাছাই করে কেনা উচিত।