সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গণমানুষের পক্ষে লড়েন কবি হাসান হাফিজ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

৭১তম জন্মদিনে বক্তারা

তাঁর কবিতায় কখনো উঠে এসেছে প্রেম-বিরহ, আশা-নিরাশাসহ মানবমনের নানা সূক্ষ্ম অনুভূতি। এসেছে সমকালীন সমাজবাস্তবতা, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, এমনকি বৈশ্বিক পরিস্থিতিও। আছে দ্রোহ ও প্রতিবাদ। তিনি শুধু কবি নন, একজন বড় গদ্যশিল্পীও।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হাসান হাফিজের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত অনুষ্ঠানে ‘হাসান হাফিজ : সত্তরের সকালে’ নামক সংকলনগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে হাসান হাফিজ বলেন, ‘আমি খুবই আনন্দিত ও আপ্লুত। সেই সঙ্গে বিব্রত‌ও‌।

মঞ্চে থাকা পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে হাসান হাফিজ বলেন, ‘আমার পরিবারের অবদান ও তাঁদের ত্যাগের কারণে আমি এতখানি লেখালেখি করতে পেরেছি। এটা বিস্ময়কর, আমি নিজেও অবাক হ‌ই যে আমার দুই শর বেশি ব‌ই, আমি সব মনেও করতে পারি না।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘হাসান হাফিজ একজন কর্মপাগল মানুষ। যেখানেই তাঁকে দেখি, গাড়িতে, প্রেস ক্লাবের পেছনে বা অন্য যেকোনো স্থানে, সারাক্ষণ তিনি লেখালেখির মধ্যে থাকেন। সাংবাদিকতা তাঁর পেশা হলেও লেখালেখিই তাঁর নেশা। সাহিত্যের খুব কম শাখা আছে যেখানে তাঁর বিচরণ নেই। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, রম্য লেখক, অনুবাদক, সংগঠক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। তাঁর কবিতা ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফারসি, উর্দু, হিন্দি ও চাকমা ভাষায় অনূদিত হয়েছে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘হাসান হাফিজের কবিতায় সমকালীন বাস্তবতা, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট, এমনকি বৈশ্বিক পরিস্থিতিও বিভিন্ন সময়ে লক্ষ করেছি। তিনি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে অনেক সংকটকালেও স্বৈরাচারবিরোধী বক্তব্য কবিতার ভেতর দিয়ে প্রকাশ করেছেন। তিনি শুধু কবি নন, একজন বড় গদ্যশিল্পীও। তিনি যখন সাংবাদিকতা করেন, তখন তাঁর গদ্যগুলো খুব কাব্যিক হয়ে ওঠে। তিনি সাংবাদিক জগতের কবি বলেই তাঁর যে বহুমুখী প্রতিভা আমরা সব সময় খুব আনন্দের সঙ্গে দেখি।’

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, ‘আজ (গতকাল) জাতীয় প্রেস ক্লাবের এই মিলনায়তন এক অনাবিল উচ্ছ্বসিত আনন্দে উপচে পড়ছে। কারণ কবি হাসান হাফিজের জন্মদিন। কবি হাসান হাফিজ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় কবিতা পরিষদের অন্যতম উপদেষ্টা, যাঁকে আমরা এ বছরই কবিতা পরিষদের পুরস্কারে পুরস্কৃত করেছি। কবি হাসান হাফিজ ৭১ বছর বয়সে প্রায় ২০০টির বেশি গ্রন্থ রচনা করেছেন। গান, কবিতা, গল্প, প্রবন্ধ, শিশুসাহিত্যসহ সাহিত্যের প্রায় সব শাখায় তাঁর বিচরণ। একজন বহুমাত্রিক সব্যসাচী লেখক।’

মোহন রায়হান বলেন, ‘আমি হাসান হাফিজকে মূল্যায়ন করতে চাই এভাবে, আমরা যখন এ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে রাজপথে ঝলসে উঠেছি, হাসান হাফিজকে আমরা পাশে পেয়েছি। আমরা দেখেছি, আমাদের সেই জ্বলে ওঠা মিছিলে, সংগ্রামে, স্লোগানে, প্রতিবাদ ও প্রতিরোধের পাশে অলক্ষ্যে হাসান হাফিজ ছিলেন। হাসান হাফিজ তাঁর কলম, শব্দ ও সৃজনশীলতায় এ দেশের গণমানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন। তিনি লড়াই করেছেন তাঁর কলম, মেধা ও সৃজনশীলতা দিয়ে।’

অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ‘হাসান হাফিজ ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ৩০ বছরের বেশি সময় ধরে। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। কবি পরিচয়ের আড়ালে তাঁর গদ্যের পরিচয়টা আসলে একটু আড়ালে থেকে গেছে। হুমায়ূন আহমেদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন কবি হাসান হাফিজ। আমি আশা করব, তিনি আরো লিখবেন এবং আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করবেন।’

সাবেক কূটনীতিক মসয়ূদ মান্নান বলেন, বহু জায়গায় তিনি কাজ করেছেন। শিল্প-সাহিত্য ও সংগঠন উনার সবচেয়ে প্রিয় বিচরণভূমি, সেখানে তিনি অনেক অনেক অবদান রেখেছেন। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘কবি হাসান হাফিজ তাঁর জীবনকে সবার জীবন করতে পেরেছেন কর্ম দিয়ে। তিনি একজন কবি, একজন লেখক, একজন সাংবাদিক, একজন সংগঠন। তিনি পরিবার, সমাজ, রাষ্ট্রসহ মানুষের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলো ধারণ করে সবার মন ও মননে ঢুকিয়ে দিতে পেরেছেন।’

এর আগে অনুষ্ঠানের শুরুতেই হাসান হাফিজের ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে জাতীয় প্রেস ক্লাবসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, প্রকাশনী, লেখক ও সাংবাদিকরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com