অস্ট্রেলিয়ার বারগোফার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বিষণ্নতার ঝুঁকি অনেক বেশি। দুই লাখেরও বেশি ব্যক্তির ওপর চালানো এই গবেষণায় জানা গেছে, নারীদের মধ্যে বিষণ্নতার জিন পুরুষদের চেয়ে কয়েক গুণ বেশি থাকে। পরিসংখ্যান অনুযায়ী বিষণ্নতায় ভুগছেন এমন ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা বরাবরই বেশি। এবার জানা গেছে এর নেপথ্যের কারণ।
এসব জিন বিপাকক্রিয়া (মেটাবলিজম) বা হরমোন উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ বিষয়ে গবেষক জোডি টমাস বলেন, ‘বিষণ্নতা থেকে দেহের ওজন বেড়ে বা কমে যাওয়ার মতো উপসর্গ নারীদের মধ্যে বেশি দেখা যায়। এখন আমাদের কাছে পরিষ্কার এর কারণ কী’। দলটির আরেক গবেষক ব্রিটানি মিচেল বলেছেন ‘এত দিন আমরা জানতাম না নারী ও পুরুষের দেহে বিষণ্নতার প্রভাব কতটা ভিন্ন।
বিশেষ করে বিষণ্নতা চিকিৎসায় নারীদের ক্ষেত্রে অ্যান্টি-ডিপ্রেসেন্ট ঘরানার ওষুধের পাশাপাশি মেটাবলিজম ঠিক করার ওপরও জোর দিতে হবে, গবেষণাটিতে সেটি প্রমাণিত হয়েছে।সূত্র : নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণাপত্র