মেকআপ আইটেম কিনে প্রথমবার ব্যবহারের পর আর কত দিন ব্যবহার করা যাবে, তা অনেকেই ভুলে যান। লিখেছেন আয়েশা সিদ্দিকা স্বর্ণা

ফাউন্ডেশন
লিকুইড ফাউন্ডেশন তরলজাতীয় পদার্থ। এতে অ্যাকোয়া বা পানি থাকায় খুব সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঙ্গাস আক্রমণের শিকার হতে পারে।

আইশ্যাডো
ভালো ব্র্যান্ডের পাউডার আইশ্যাডোর মেয়াদ দুই বছর পর্যন্ত হয়ে থাকে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ব্যবহার করেন অনেকে। কারণ মেয়াদ শেষ হওয়ার পরও এর টেক্সচার, রঙের তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু এটি করা অনুচিত।

মাশকারা
প্রসাধনসামগ্রীর মধ্যে সম্ভবত সব থেকে কম মেয়াদ মাশকারার। চোখের পাপড়ির মতো সংবেদনশীল অংশে ব্যবহার করা হয় এটি। তাই একবার খোলার পর থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন রূপ বিশেষজ্ঞরা।

ফেস পাউডার
শুষ্ক উপাদানের সংমিশ্রণেই তৈরি হয় ফেস পাউডার। খোলার পর সর্বোচ্চ দুই বছরের মধ্যে ব্যবহার করা ভালো। দুই বছর পর্যন্ত যেকোনো ব্র্যান্ডের ও ফর্মুলেশনের ফেস পাউডার ভালো থাকে। তবে এর ঊর্ধ্বে হলে সেটি আর ব্যবহার করা ঠিক নয়।

লিপস্টিক
ম্যাট ফর্মুলেশন ও সহজ অ্যাপ্লিকেশনের জন্য লিকুইড লিপস্টিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বেশি ব্যবহার করায় এবং বারবার আবহাওয়ার সংস্পর্শে আসায় দ্রুতই ব্যবহার অনুপযোগী হয়ে ওঠে এসব লিপস্টিক। এ জন্য লিকুইড লিপস্টিক মাত্র ছয়-সাত মাসের মতো সংরক্ষণ করে রাখা যায়। লিকুইড লিপস্টিকের মতো একদম তরল নয় বুলেট লিপস্টিক। তাই এগুলোতে বাইরের পরিবেশের বিভিন্ন মাইক্রোঅর্গানিজম খুব সহজে সংক্রমণ করতে পারে না। এ কারণে সাধারণত দেড় বছর থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন বুলেট লিপস্টিক। সংরক্ষণের ভুলে নির্দিষ্ট মেয়াদের আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠতে পারে লিপস্টিক।

কনসিলার
কনসিলার হলো স্কিন-টোন-স্পেসিফিক ধরনের মেকআপ সামগ্রী। ত্বকের যেকোনো সমস্যা ও অ্যালার্জির প্রাদুর্ভাব এড়াতে এক থেকে দেড় বছর পর্যন্ত একটি কনসিলার ব্যবহার করা উচিত। এর বেশি সময় ধরে একই কনসিলার ব্যবহার করলে সেটি ত্বকের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

আইলাইনার
আইলাইনার ও কাজল—এগুলো চোখের মতো সংবেদনশীল অঙ্গে ব্যবহার করা হয়। তাই একই আইলাইনার ও কাজল তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। তবে ব্যতিক্রম হচ্ছে পেনসিল আইলাইনার। আইলাইনার চোখের পাতার ওপরে ব্যবহার করা হয়। তাই এটি সরাসরি চোখের তরল অংশের সংস্পর্শে আসে না। আইলাইনার পেনসিল ফর্মে হলে ভয়ের কিছু নেই। একই পেনসিল আইলাইনার টানা দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিন্তু লিকুইড আইলাইনার তিন থেকে ছয় মাসের বেশি ব্যবহার করা উচিত নয়।