সংগ্রহ ও ভূমিকা : মুহিত হাসান
যে কোনো কুমার আজ সাংবাদিক হলে, কারো কারো
আশা করা স্বাভাবিক
সূর্যোদয় রঙ দিয়ে ব্যানার সাজানো হবে প্রথম পৃষ্ঠায়—
‘বিদ্রোহ বাঁচাবে স্বদেশ’।
যে কোনো কুমার আজ সাংবাদিক হলে,
যুদ্ধে বিধবা হয়ে সদ্য ব্রোথেলে আসা কমলার
আশা করা স্বাভাবিক
অবশ্যই ফিরে যাবে স্বামীহীন পুরনো সংসারে।
কুমারী-কামনা নিয়ে নষ্টদেহ পারভিনের
আশা করা স্বাভাবিক
কৌমার্য্য ভাঙে না সমরে।
আশা করা স্বাভাবিক
মরবেন না স্টমাক আলসারে।
যে কোনো কুমার আজ সাংবাদিক হলে, কৃষক শ্রমিক,
ছাত্র জনতা, সাবেক মুক্তিযোদ্ধা এখন ডাকাত, স্মাগলার,
রাজনীতি খেলোয়াড়, নতুন বন্ধু, পুরনো শত্রু, স্কুলের মাস্টার
কিম্বা কমলার, রিলিফ মেম্বার আর সমর-সন্তান,
পারভিনের অর্থাৎ সকলের
আশা করা স্বাভাবিক
সূর্যোদয় রঙ দিয়ে ব্যানার সাজানো হবে প্রথম পৃষ্ঠায়—
‘বিদ্রোহ বাঁচাবে স্বদেশ’।
করুণ কুমার আমি আত্মঘাতী কনিষ্ঠ সাংবাদিক,
ওসবের কিছুই লিখি না, সাজাই না কোনো এক্সক্লুসিভ
আজকাল আমি এক মর্মান্তিক অনুগত পত্রিকার লোক।