সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পোশাকে নানা কাট, নানা ছাঁট

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আবহাওয়া ও উৎসবের কথা মাথায় রেখে এ বছর পূজার পোশাকে এসেছে নানা পরিবর্তন। কাট-ছাঁটের পাশাপাশি রঙেও এসেছে বৈচিত্র্য। দেবীর মূর্তি, স্বস্তিকা চিহ্ন, মন্দির ইত্যাদি থিম এবার দেখা মিলছে পোশাকে। লিখেছেন ফাতেমা তুজ জোহরা মাইসা । 

দুর্গাপূজা মানেই সাজগোজে অন্যরকম এক আভিজাত্য। শাড়ি আর পাঞ্জাবির গণ্ডি ছাড়িয়ে এ বছর পূজার সাজে আসছে নানারকম বৈচিত্র্য। ২০২৫-এর ফ্যাশন শুধু ঐতিহ্যের ধারক নয়, বরং হয়ে উঠেছে আধুনিকতা আর আরামের মিশেল। তরুণ-তরুণী থেকে শুরু করে শিশু-কিশোর, এমনকি ছেলেদের পোশাকেও এসেছে নতুন ঢং। প্রতি বছরের মতো এবারও নানা কাট ও নানা ছাঁটের পূজার পোশাক চলে এসেছে ফ্যাশন ব্র্যান্ডগুলোয়।

তিনি জানান, এবারের পোশাকের নকশায় লালের দীপ্তি, খয়েরির গভীরতা, আকাশির স্বচ্ছতা, গেরুয়ার উষ্ণতা, কমলা রঙের উচ্ছ্বাস আর সাদার নির্মলতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেব্রিকসে রয়েছে সফট সিল্কের মসৃণ পরশে উৎসবের রাজসিকতা, লিনেনের হাওয়ায় শরতের স্নিগ্ধতা, জ্যাকার্ড কটনের বুননে ঐতিহ্যের গভীরতা, কটনের সরলতায় সারাদিনের স্বস্তি আর ভয়েলের স্বচ্ছতায় মায়াবী সৌন্দর্য। ডিজাইনে মিলেছে স্ক্রিন প্রিন্টের নিখুঁত রেখা, ব্লক প্রিন্টের হাতে গড়া শিল্প, ডিজিটাল প্রিন্টের প্রাণবন্ত রং, সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকাজ এবং আধুনিক ফিনিশিং।

তরুণীর পোশাকে বৈচিত্র্য
গতানুগতিক সালোয়ার-কামিজের পাশাপাশি এবার পূজায় এসেছে প্লাজো প্যান্টের সঙ্গে ছোট বা মিড-লেংথ কামিজ– সঙ্গে হালকা কুঁচি-কাটা দুপাট্টা। ফুলেল এমব্রয়ডারি, গোটা-পাতি বা ব্লক প্রিন্টের কাজ করা এসব পোশাক দিনে-রাতে দুই সময়েই মানানসই। এগুলোয় ব্যবহার করা হয়েছে নরম ও আরামদায়ক ফেব্রিক। এ পোশাকের অবস্থান চলতি ফ্যাশনের শীর্ষে।

মডেল: ভাষা জাহাঙ্গীর, পোশাক: রঙ বাংলাদেশ, মেকওভার: রেড বিউটি স্যালন,  ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

মডেল: ভাষা জাহাঙ্গীর, পোশাক: রঙ বাংলাদেশ, মেকওভার: রেড বিউটি স্যালন,  ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

এ বছর কুর্তি ফ্যাশনে বিশেষ বৈচিত্র‍্য এসেছে। স্ট্রেট কাটের পাশাপাশি চৌকো, রাউন্ড, সাইড-কাটসহ বিভিন্ন ধরনের কুর্তির সমারোহ দেখা যাচ্ছে। কুর্তির সঙ্গে বিভিন্ন মোটিফ যেমন–পদ্মফুল, ত্রিশূল, মণ্ডপ, দেবীর মুখ, নকশি আর্ট ইত্যাদি বাহারি ডিজাইন দেখা যাচ্ছে। এর সঙ্গে তরুণীরা বেছে নিতে পারবে হালকা রঙের ঢিলেঢালা জিন্স বা কন্ট্রাস্ট করে পালাজ্জো। আবার হালকা সিল্ক, জর্জেট বা অরগাঞ্জা কাপড়ে তৈরি আনারকলি বা গাউন-কুর্তি তরুণীদের সাজে দিচ্ছে ঐতিহ্য আর পাশ্চাত্যের মিশ্র সৌন্দর্য। সন্ধ্যার অনুষ্ঠান কিংবা দশমীর বিদায়বেলায় হালকা কাজের লেহেঙ্গা-চোলি কিংবা একই রঙে তৈরি কোঅর্ড সেট এখন বেশ জনপ্রিয়।
ফ্যাশনপ্রেমীদের তালিকায় ঘারারা ও শারারা এ বছর বিশেষ স্থান করে নিয়েছে। হাঁটু থেকে নিচে ছড়ানো ফ্লেয়ার, ওপরের দিকটা চিকন সিলুয়েট আর সোনালি-রুপালি কাজের সমন্বয়ে এ পোশাককে দিয়েছে রাজকীয় ধাঁচ। অষ্টমী বা নবমীর অর্ঘ্য প্রদানে তরুণীরা বেছে নিতে পারবে ঘারারা-শারারার মতো বৈচিত্র্যময় পোশাক। ভারী অলংকারের বদলে সামান্য কানের দুল কিংবা হালকা নেক পিসই এ সাজকে করে তুলবে আরও মোহনীয়। এ বছর যারা ব্যতিক্রম খুঁজছেন তাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে কুর্তির সঙ্গে জিন্স, ক্রপ টপের সঙ্গে লেহেঙ্গা কিংবা জ্যাকেট স্টাইল। প্যাস্টেল থেকে শুরু করে জমকালো টোন–সব রংই এ ফিউশনে আধুনিক কাট, রঙের খেলা সমান মানাচ্ছে।

তরুণদের পোশাকেও আধুনিক কাট, রঙের খেলা
ছেলেদের সাজ বলতে শারদীয় আয়োজনে পাঞ্জাবি প্রায় বাধ্যতামূলকই বলা যায়। এ বছর মেয়েদের পোশাকের পাশাপাশি ছেলেদের পোশাকেও এসেছে বৈচিত্র‍্যের ছোঁয়া। আধুনিক কাট, রঙের খেলা আর ফিউশনের ছোঁয়া ছেলেদের সাজকে দিয়েছে অন্য মাত্রা। সাধারণ পাঞ্জাবির বাইরে তারা এখন খুঁজছে নতুন ট্রেন্ড।
এ বছর ছেলেদের টি-শার্টের বাহারি ডিজাইন লক্ষ করা যাচ্ছে। সচরাচর পাঞ্জাবিতে করা বিভিন্ন মোটিফ যেমন–দেবীর মূর্তি, স্বস্তিকা চিহ্ন, মন্দির ইত্যাদি থিম এবার দেখা মিলছে টি-শার্টে; যা তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

যারা ঐতিহ্যের ছায়া রাখতে চান অথচ একইসঙ্গে আধুনিক স্টাইলও খুঁজছেন, তাদের জন্য কুর্তা-জ্যাকেট কম্বো হচ্ছে প্রধান আকর্ষণ। হালকা কটন বা লিনেনের কুর্তার ওপর পরা যায় সিল্ক বা খদ্দরের নেহরু জ্যাকেট। পায়জামা বা ধুতির বদলে ছেলেরা এখন কুর্তার সঙ্গে বেছে নিচ্ছে স্ট্রেইট কাট ট্রাউজার বা সিগারেট প্যান্ট। অষ্টমীর পূজার দিন কিংবা নবমীর আড্ডায় এই সাজ বেশ জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

শুধু প্রচলিত নয়, ছেলেদের পোশাকে এসেছে ফিউশন ঢং। ছোট লেংথের শেরওয়ানির সঙ্গে জিন্স এখনকার ট্রেন্ড। অনেকে আবার কলারবিহীন কুর্তার সঙ্গে ডেনিম জ্যাকেট মেলাচ্ছেন। পূজার সন্ধ্যার কনসার্ট কিংবা বন্ধুমহলের আড্ডায় এ সাজ বেশ মানিয়ে যাবে। এ ছাড়া একটু গর্জিয়াস লুকের জন্য বেছে নিতে পারেন হালকা এমব্রয়ডারি করা শার্ট, সাটিন বা সিল্ক-ব্লেন্ড কাপড়ে তৈরি ফেস্টিভ শার্ট।

যারা একেবারেই হালকা সাজে থাকতে চান, তারা বেছে নিতে পারেন লিনেন শার্ট, মানানসই চিনো কিংবা লুজ-ফিট ট্রাউজার। পূজার দিনের ব্যস্ততা আর ঘোরাঘুরিতে এসব পোশাক যেমন আরামদায়ক, তেমনি দেখতেও পরিশীলিত। রঙে প্রাধান্য পাচ্ছে জুয়েল টোন–এমারাল্ড সবুজ, রয়্যাল ব্লু, গাঢ় মেরুন, মেটালিক সোনালি ও ক্ল্যাসিক কালো। তরুণরা এখন পরিবেশবান্ধব পোশাকের প্রতিও আগ্রহী। হাতে বোনা কাপড়, স্থানীয় কারিগরের তৈরি জ্যাকেট বা শার্ট, প্রাকৃতিক রঙে রঞ্জিত পোশাক–এসবের চাহিদা বেড়েছে। সচেতন ফ্যাশনপ্রেমীরা পূজার পোশাকে খুঁজছেন টেকসই দিক।

কেমন দাম 
পোশাকের দাম নির্ভর করে ব্র্যান্ড, ফেব্রিকের ধরন, নকশার ওপর। রঙ বাংলাদেশসহ দেশীয় ব্র্যান্ডগুলো থেকে পোশাক কেনা যাবে এক হাজার ৫০০ থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। ভারী নকশা ও জমকালো পোশাক কিনতে খরচ হবে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা। হরীতকী, সাতকাহন ও বিভিন্ন অনলাইন ব্র্যান্ড থেকে পোশাক কেনা যাবে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। আরও কমে কিনতে চাইলে ঢুঁ মারতে পারেন নিউমার্কেট ও গাউছিয়ায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com