কবিতায় যেমন অনন্য, তেমনি গানেও স্বকীয় ধারা রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। তাঁর অসংখ্য গান কালের সীমানা জয় করে এখনো মানুষের হৃদয়ে জায়গা করে আছে। এমনই একটি গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’। এ গানের ভাবনা থেকেই তৈরি হয়েছে টেলিছবি ‘প্রিয় এমন রাত’।চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার।
১২ ভাদ্র [বুধবার] বিকেল ৩টা ৫ মিনিটে কবির প্রয়াণ দিবস উপলক্ষে টেলিছবি চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মামনুন ইমন ও শবনম ফারিয়া। বিভিন্ন চরিত্রে আরো আছেন তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ, শেলী প্রমুখ।নজরুলের গান থেকে টেলিছবি নির্মাণের বিষয়ে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘কবি নজরুলের অনেক জনপ্রিয় প্রেমের গান আছে, যা একটু অনুভূতি দিয়ে শুনলে বুঝতে পারা যায় এর পরতে পরতে ছড়িয়ে আছে কত গল্প। আমি চেষ্টা করেছি এমনই একটি জনপ্রিয় গান নিয়ে নাটকটি নির্মাণের। এই প্রথম ইমন ও শবনম ফারিয়া একত্রে জুটিবদ্ধ হয়ে নজরুলের কোনো নাটকে অভিনয় করেছেন। দুজনেই খুব ভালো করেছে।