চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে মিষ্টি কুমড়া। অধিক লাভের আশায় গতবারের থেকে বেশি জমিতে চাষ করা এ সবজিটি বাজারজাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা। ফলে লোকসান হচ্ছে তাদের। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মিষ্টি কুমড়া সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকরা জানান, মৌসুমের শুরুতে এই সবজি ১২০০-১৪০০ টাকা মণ বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকার কম দামে।
উপজেলা কৃষি অফিসের পরিসংখ্যান মতে- ভোলাহাটে এবার মিষ্টি কুমড়া চাষ হয়েছে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে। গত বছর কৃষকেরা মিষ্টি কুমড়া আবাদ করে লাভবান হওয়ায় এবার ৭০০ হেক্টর বেশি জমিতে এই সবজি চাষ করেছেন সেখানকার কৃষকরা।
অপর চাষি আব্দুস সামাদ বলেন, “মৌসুমের শুরুতে ১৪০০ টাকা মণ ছিল মিষ্টি কুমড়া। এখন ৫০০ টাকা মণেও বিক্রি করতে পারি না। আমার মিষ্টি কুমড়া ক্ষেতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে।”
কৃষক মো. হুসেন আলী বলেন, “জমিতে বোরো ধান চাষ করব ভেবে মিষ্টি কুমড়া তুলে রাস্তায় নিয়ে রেখেছি। এখন বিক্রি করতে পারছি না। এখানে ৪০০-৪৫০ টাকা মণ দরে পাইকাররা কিনতে চাচ্ছে।”
মিষ্টি কুমড়ার পাইকারি ব্যবসায়ী মো. মাসুদ বলেন, “এখন মিষ্টি কুমড়ার চাহিদা খুব কম। এলাকা থেকে কিনে এই সবজিটি ঢাকায় নিয়ে যায়। তাও বিক্রি করতে পারি না। অধিক পরিমাণ উৎপাদন ও শীতকালিন সবজি বাজারে ভরপুর থাকায় ভোক্তাদের কাছে মিষ্টি কুমড়ার চাহিদা কমেছে।”
তিনি আরো বলেন, “আগামী ছয় মাস পর্যন্ত পরিপক্ক মিষ্টি কুমড়া ভালো থাকবে। মিষ্টি কুমড়া সংরক্ষণ রেখে কয়েকমাস পরে বিক্রি করলে ভালো দাম পাবেন কৃষকরা।”