আনারসের শরবত
উপকরণ
বড় পাকা আনারস দুটি, লবণ অর্ধেক চা চামচ, চিনি স্বাদমতো, বিট লবণ সিকি চা চামচ, লাল পাকা মরিচ একটি, পানি আড়াই কাপ এবং বরফ কুচি ইচ্ছামতো।
যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আনারস খোসা ছাড়িয়ে ধুয়ে কিউব করে কেটে নিন।
২. একটি ব্লেন্ডার জগে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিন।
৩. এবার ছেঁকে সুন্দর করে পরিবেশন করুন।
আমড়ার মোরব্বা
উপকরণ
পাকা আমড়া বড় সাইজের ছয়টি, লবণ আধা চা চামচ, চিনি তিন কাপ, পানি চার কাপ, এলাচ একটি, দারচিনি এক টুকরা এবং তেজপাতা একটি।

যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে কাঁটা চামচ দিয়ে কেচে নিন। টিস্যু দিয়ে ভালো করে মুছে নিন।
২. চুলায় হাঁড়ি বসিয়ে পানি, চিনি, গরম মসলা আর আমড়া দিয়ে চুলার আঁচ কমিয়ে বসিয়ে রাখুন।
৩. আস্তে আস্তে জ্বাল হতে হতে শিরাটা ঘন হয়ে আসবে এবং আমড়াগুলো সিদ্ধ হয়ে আসবে।
৪. আমড়া সিদ্ধ হয়ে শিরার গায়ে লেগে এলে নামিয়ে নিন।
৫. এয়ারটাইট কাচের বয়ামে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায়।
আমড়া মাখা
উপকরণ
আমড়া বড় সাইজের চারটি, সরিষা বাটা আধা চা চামচ, যেকোনো আচারের তেলসহ মসলা দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, গুড় স্বাদমতো, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, ধনেপাতা কুচি ইচ্ছা অনুযায়ী এবং পুদিনাপাতা কুচি স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে মিহি কুচি করে নিন।
২. এবার একটি বাটিতে আমড়া কুচি ছাড়া সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।
৩. এবার আমড়া কুচি মাখানো উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিন।
৪. এরপর সুন্দর করে পরিবেশন করুন।
পাইনাপেল মাফিন
উপকরণ
ময়দা দেড় কাপ, ডিম দুটি, লবণ এক চিমটি, চিনি স্বাদমতো, আনারস কিউব করে কাটা আধা কাপ, চিনি সিকি কাপ, বেকিং পাউডার এক চা চামচ, আলমন্ড কুচি সিকি কাপ, কালো কিশমিশ ইচ্ছামতো, সামান্য হলুদ ফুড কালার এবং বাটার আধা কাপ।

যেভাবে তৈরি করবেন
১. আনারস খোসা ছাড়িয়ে ধুয়ে কিউব করে কেটে নিন। চুলায় চিনি আর সামান্য একটু পানি দিয়ে বলক এলে আনারসের টুকরা দিয়ে ভালো করে নেড়ে শিরা গায়ে লেগে এলে নামিয়ে নিন।
২. এবার একটি বাটিতে শুকনা উপকরণ সব একসঙ্গে চেলে নিন। বাটিতে ডিম আর চিনি স্বাদমতো দিয়ে বিট করে ফোম করে নিন। এর সঙ্গে শুকনা উপকরণ আর বাটার মিশিয়ে নিন।
৩. এবার ব্যাটারে শিরার আনারস টুকরা, ফুড কালার ও কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৪. কাপ কেকের মোল্ডে লাইনার বিছিয়ে ব্যাটার দিয়ে ওপরে কাঠবাদাম কুচি দিয়ে রাখুন। ইলেকট্রিক ওভেন ১৮০ ডিগ্রিতে প্রি-হিটেড করে নিন পাঁচ মিনিট। ওভেনে মোল্ড বসিয়ে বেক করুন ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট।
৫. হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
নারকেল দুধে আমড়ার টক
উপকরণ
বড় আমড়া তিনটি, নারকেলের দুধ পাঁচ কাপ,
লবণ স্বাদমতো, চিনি সিকি চা চামচ, কাঁচা মরিচ আস্ত চারটি,
আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, সয়াবিন তেল সিকি কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনে গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া সামান্য এবং লাল মরিচ গুঁড়া স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১ প্রথমে আমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। চুলায় হাঁড়ি বসিয়ে সয়াবিন তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষান।
২. এরপর আমড়া দিয়ে ভালো করে কষান। এবার নারকেলের দুধ দিয়ে চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে রান্না করুন।
৩. আমড়া সিদ্ধ হয়ে ঝোল হালকা ঘন হয়ে এলে নামানোর আগে কাঁচা মরিচ ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।