বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাণাবালী’র মুক্তির তারিখ পিছিয়েছে। সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বৃহস্পতিবার নতুন পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই।
নতুন পোস্টারে উনিশ শতকের আবহে গোঁফওয়ালা ও রুক্ষ লুকে দেখা গেছে বিজয়কে। রাহুল সাংকৃত্যয়ন পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্রিটিশদের অর্থনৈতিক নীতি ও খরার প্রভাব তুলে ধরা হয়েছে।
‘রাণাবালী’তে বিজয়ের চরিত্রের স্ত্রী জয়াম্মার ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। খলনায়কের চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেতা আর্নল্ড ভসলোকে। দশেরা উপলক্ষে সিনেমাটি বিশ্বজুড়ে একাধিক ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।
বিজয় ও রাশমিকার জুটি এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় দর্শকদের প্রশংসা পেয়েছে। ফলে তৃতীয়বারের মতো এই জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। নতুন মুক্তির তারিখ ঘোষণার পর এখন অপেক্ষা, প্রেক্ষাগৃহে ‘রাণাবালী’ কতটা সাড়া ফেলে।