৪০টি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। সম্প্রতি গানগুলোর অডিও রেকর্ডিং হয়েছে।এখন সেগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে।
ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী। ৪০টি গানের মধ্যে প্রথমেই প্রকাশিত হতে যাচ্ছে গোলাম মোরশেদের কথায় ‘ভালোবাসা চাইতে গেলে’। এরই মধ্যে গানটির ভিডিও ধারণের কাজ শেষ হয়েছে।শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। ফাহমিদা নবী বলেন, ‘লাকী আখন্দ্ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তাঁর সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ।৪০টি গান নিয়ে আমরা দুজনই খুব আশাবাদী।’
সজীব দাস বলেন, ‘ফাহমিদা আপার মতো গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন—এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তাঁর জন্য সেরা সুরটি উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’ এর আগে ফাহমিদা নবী ও সজীব দাসের সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত হয়েছে, যেগুলো শ্রোতাদের মধ্যে প্রশংসিতও হয়েছে।