মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কোরবানী –

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কাজী নজরুল ইসলাম

ওরে        হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খামখা ক্ষুব্ধ মন !
ধ্বনি উঠে রণি’ দূর বাণীর, –
আজিকার এ খুন কোরবানীর !
দুম্বা-শির        রুম্-বাসীর
শহীদের শির সেরা আজি !- রহমান কি রুদ্র নন ?
ব্যাস ! চুপ খামোশ রোদন !
আজ         শোর ওঠে জোর “খুন দে, জান দে , শির দে বৎস” শোন !
ওরে           হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !

ওরে           হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
খন্জর মারো গর্দ্দানেই,
পন্জরে আজি দরদ্ নেই,
মর্দানী’ই পর্দা নেই,
ডরতা নেই আজ খুন্-খারাবীতে রক্ত-লুব্ধ-মন !
খুনে        খেলবো খুন-মাতন !
দুনো          উনমাদনাতে সত্য মুক্তি আনতে যুঝবো রণ ।
ওরে           হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন

ওরে           হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
চ’ড়েছে খুন আজ খুনিয়ারার
মুসলিমে সারা দুনিয়াটার !
‘জুলফেকার’ খুলবে তার
দু’ধারী ধার শেরে-খোদার , রক্তে-পূত-বদন !
খুনে আজকে রুধবো মন
ওরে            শক্তি-হস্তে মুক্তি, শক্তি রক্তে সুপ্ত শোন্ ।
ওরে            হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন

ওরে            হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
আস্তানা সিধা রাস্তা নয়,
‘আজাদী মেলে না পস্তানো’য় !
দস্তা নয়            সে সস্তা নয় !
হত্যা নয় কি মৃত্যুও ? তবে রক্তে লুব্ধ কোন্_
কাঁদে-শক্তি-দুস্থ শোন_
“এয়্            ইবরাহীম্ আজ কোরবানী কর শ্রেষ্ঠ পুত্র ধন !”
ওরে            হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন

ওরে            হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এ তো নহে লহু তরবারের
ঘাতক জালিম জোরবারের
কোরবানের জোরজানের
খুন এ যে, এতে গোদ্র্দ ঢের রে, এ ত্যাগে ‘বুদ্ধ’ মন !
এতে মা রাখে পুত্র পণ !
তাই             জননী হাজেরা বেটারে পরা’লো বলির পূত বসন !
ওরে             হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন

ওরে             হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
এই দিনই ‘মিনা’-ময়দানে
পুত্র-স্নেহের গর্দানে
ছুড়ি হেনে ‘খুন ক্ষরিয়ে নে’
রেখেছে আব্বা ইবরাহীম সে আপনা রুদ্র পণ !
ছি ছি ! কেঁপোনা ক্ষুদ্র মন !
আজ            জল্লাদ নয় , প্রহ্লাদ-সম মোল্লা খুন-বদন !
ওরে              হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন

ওরে              হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
দ্যাখ্             কেঁপেছে ‘আরশ’ আসমানে
মন-খুনী কি রে রাশ মানে ?
ত্রাস প্রাণে ? তবে রাস্তা নে !
প্রলয় বিষাণ ‘কিয়ামতে’ তবে বাজবে কোন্ বোধন ?
সে কি সৃষ্টি-সংশোধন ?
ওরে              তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরু শোন্ !-
ওরে              হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !

ওরে              হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
মুসলিম-রণ-ডঙ্কা সে,
খুন দেখে করে শঙ্কা কে ?
টঙ্কারে অসি ঝঙ্কারে,
ওরে               হুঙ্কারে , ভাঙি গড়া ভীম কারা, ল’ড়বো রণ-মরণ !
ঢালে বাজবে ঝন্-ঝনন্ !
ওরে               সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন-মোচন !
ওরে               হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !

ওরে               হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !
জোর চাই, আর যাচনা নয়,
কোরবানী-দিন আজ না ওই ?
বাজনা কই? সাজনা কই?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্র্ধরণ ?
বল্ – “যুঝবো জান ভি পণ !”
ঐ                  খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ              আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন ।
ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !


ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com