পরপারেও যেন তোমারই কোলে ঠাঁই মেলে
শ্রদ্ধেয় মা,
তোমার জঠরের আদিম অন্ধকার থেকে যে পরম আলোর অভিমুখে আমার মহাযাত্রা শুরু হয়েছিল, আজ সেই অসীম ঋণের ভারে আমার কলম রুদ্ধপ্রায়। যখন পৃথিবী আমার অস্তিত্বের সংবাদটুকুও জানত না, তখন তুমি তোমার সত্তার অর্ধেক ছিঁড়ে আমায় পূর্ণতা দিয়েছ।
আমার অবয়ব গড়তে তুমি নিজের রক্তকে দুগ্ধ করেছ, নিজের হাড়ের অস্থিমজ্জার ক্যালসিয়াম বিলিয়ে দিয়েছ আমার নশ্বর কাঠামোতে। যখন ভূমিষ্ঠ হয়ে প্রথম আর্তনাদ করেছিলাম, সেই অসহ্য তীব্র যন্ত্রণার প্রলয়কালেও তোমার ওষ্ঠাধরে যে স্বর্গীয় হাসি ফুটেছিল, তা মহাকালের শ্রেষ্ঠ কোনো কবির পক্ষেও বর্ণনা করা সম্ভব নয়।
শৈশবের প্রতিটি নিঃশ্বাস আসলে তোমার পরম আয়ুর একেকটি বিসর্জিত খণ্ড। আজ পৃথিবীর এই রুক্ষ ও কণ্টকাকীর্ণ পথে চলতে গিয়ে যখনই হোঁচট খাই, তোমার সেই স্নিগ্ধ আঁচলের ঘ্রাণ বড্ড বেশি মনে পড়ে।
সেই সুবাসের কাছে পৃথিবীর সমস্ত জাগতিক আভিজাত্য ম্লান হয়ে যায়। তোমার আঁচলজুড়ে যে প্রশান্তির স্বর্গীয় সুবাস লেগে আছে, তা পরিমাপ করার মতো কোনো সুগন্ধি আজও তৈরি হয়নি।
জীবনের এই রূঢ় বাস্তবতার ঘূর্ণাবর্তে এবং নাগরিক ব্যস্ততায় হয়তো তোমাকে আলাদা করে কথাগুলো বলা হয় না; কিন্তু হৃদয়ের গহিনে তোমার জন্য এক অতল সাগর সমান কৃতজ্ঞতা আর হাহাকার জমা হয়ে আছে। সেই মৌন অনুভূতি আর অব্যক্ত আকুতিগুলোকেই আজ কলমের নিবে বিদ্ধ করে কাগজের বুকে শব্দে শব্দে সাজালাম।
মাগো, তোমার চোখে আমার জন্য যে প্রার্থনার কুসুম জমে থাকে, তার পবিত্রতা মাপার মতো কোনো মাপকাঠি এই পৃথিবীতে আজও সৃষ্টি হয়নি। তোমার ওই ক্লান্ত দুহাতে যে প্রার্থনার মহাকাব্য থাকে, তার গভীরতা বোঝার মতো কোনো ব্যাকরণ আজও আবিষ্কৃত হয়নি। তাই আমার যাবতীয় অহংকার, সকল জাগতিক তিলক আজ তোমার ওই ফাটা পায়ের ধূলিকণায় সমর্পণ করে নিঃস্ব হতে চাই। এই নশ্বর পৃথিবীতে আমার প্রতিটি নিঃশ্বাস আসলে তোমারই জীবন-উৎস থেকে সংগৃহীত একেকটি ঋণী মুহূর্ত। মাগো, তোমার অকৃত্রিম স্নেহের এই ঋণ শোধ করার ধৃষ্টতা বা সামর্থ্য কোনোটিই আমার নেই; শুধু আছে হূদয়ের নিভৃত গহিনে একাকী ফুঁপিয়ে কাঁদার চরম আকুলতা।
জনম জনম ধরে যদি তোমার পায়ের ধুলা হয়ে থাকতে পারি, তাহলেই হয়তো এই হৃদয়ের দহন কিঞ্চিৎ প্রশমিত হবে।
তোমার চরণে আমার এই নশ্বর অস্তিত্বের সমস্ত শ্রদ্ধাঞ্জলি। এই ঋণ শোধের কোনো পথ নেই, শুধু আছে নিঃশব্দ ভালোবাসার দীর্ঘ প্রার্থনা। পরপারেও যেন আমি তোমারই কোলজুড়ে ঠাঁই পাই।
ইতি
তোমার নাড়িছেঁড়া ধন
সৈয়দ হৃদয়, ফরিদপুর
♦ আমার ভাগ্য-রাতের তারা
♦ তোমার নৃত্যের তালেই বাঁধা
♦ মায়ের ডায়েরি
♦ তোমার এখন ঘোরার সময়