বাতাস শোনায় শনশনিয়ে মিষ্টি মধুর গান
নদী শোনায় কলকল নদীর কলতান।
সব শুনেও মন ভরে না খুঁজি সুখের দীপ্তি
ঘুম পাড়ানি মায়ের গানে আমার পরিতৃপ্তি।
পাখি ডাকে কিচিরমিচির কী অপরূপ ক্ষণ
রাত নিশিতে উতলা হয় আমার অবুঝ মন।
দূর পাহাড়ের কোলে ঘুমায় শান্ত মধুর রাত
সব কিছুতো হারিয়ে যায় বাড়ালে মা হাত।
সাগর শোনায় বিশালতা আকাশ মাখে নীল
মন রাঙানো মনের আকাশ তারায় ঝিলিমিল।
কেউ তো নেই ঝলমলিয়ে এমন রূপের পাশে
চাঁদ উঠে ওই দূর গগনে মা যখনি হাসে।
দৃশ্য আঁকি মনের রঙে হাতে নিয়ে তুলি
আঁকতে তো চাই মনের মতো মান অভিমান ভুলি।
হাজার ছবি মনকে ভাবায় মনে ছবির ঝড়
ভাবলে মাকে সব ছবি হয় রূপে মনোহর।
শক্তি সাহস খুঁজি ফিরি নিজের মনের ঘরে
পাহাড়, সাগর ডিঙিয়ে যাই শত বাধার ঝড়ে।
কিন্তু বাধা আর থাকে না বাধার প্রাচীর ভাঙে
মা থাকলেই জীবনটাতো নানান রঙে রাঙে।
সুখ খুঁজেছি চারদিকে চাই অনাবিল সুখ
সুখ আমাকে কাছে টানে দেয় ভরিয়ে বুক।
নামেই সুখের ঝরনা নামে সুখ যে রাশি রাশি
সুখের অপর নামটি জানি মায়ের মধুর হাসি।