সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পদাবলি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রতিবাদ প্রত্যাশার আলো
হাসান হাফিজ

‘আঁধার’ শব্দটি হয়তো হালকা পলকা
তুলনায় ‘তমিস্রা’কে দ্যাখো
কত ভারী, গাম্ভীর্যে অটল
অদ্ভুত আঁধারে আজ ঢেকে আছে
বিবেকবর্জিত এই পাষণ্ড পৃথিবী।
রক্ত ঝরছে ফিলিস্তিনে, ইরানে ও দেশে দেশে
মানুষ পশুরও চেয়ে এতটা অধম?
মারণাস্ত্রে এত বেশি আস্থা কেন তার?
জান্তব সত্তার এত ধ্বংসের ক্ষমতা
মাৎস্যন্যায় এতটা গভীরে কেন প্রোথিত হয়েছে
একদিন থামবে ঝড়, শান্তি স্বস্তি ফিরবেই
নিন্দা আর প্রতিবাদ রুখে দাঁড়ানোর তেজ
পশুত্বকে পরাভূত করবেই, সংশয়ের অবকাশ নেই।

 

সুতোকাটা ঘুড়ি
মতিন রায়হান

পুষ্পিত ভাঁটের ঘ্রাণে আমি ফিরে ফিরে যাই
আমার শৈশবে– ধানসিড়ি-ভোরে, অমল জীবনানন্দে…
কী অদ্ভুত ঘোরলাগা দুপুরের রোদ
বুনো ঘুঘুদের ঢেউতোলা ডাক
যদি বেঁধে ফেলে আষ্টেপৃষ্ঠে
তবে আজ আমি কোথায় দাঁড়াব?
শজনের ডাল থেকে উড়ে গেলে হলুদ ফড়িং
কী দিয়ে নাগাল পাই দুরন্ত-উড়ন্ত কৈশোরের?
আচ্ছা, সুতোকাটা ঘুড়ি কোথায় হারায়?
মাঞ্জা দেওয়া সুতো ও নাটাই মুখ ভার করে
পড়ে থাকে টেবিলের নিচে…
আমার পুষ্পিত মুখ আজ বেদনামলিন
আমার পুষ্পিত প্রেম তবে কোথায় রঙিন?

হারিয়ে যাওয়া ভাঁটের সফেদ ডানাঅলা মেঘ
এখানেই নামো, এই বৈশাখে, রোদ্দুরে…
হায়! জীবন কেবলি দূরে সরে যায়
বুকের ভিতর স্থিতি পায় কী গভীর গহন উদ্বেগ!

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com