সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রাণ জুড়াবে তরমুজ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

প্রাণ জুড়াবে তরমুজ
তরমুজের খোসার হালুয়া

 

​উপকরণ

​তরমুজের খোসা (সাদা অংশ) দুই কাপ (কোরানো বা বাটা), ​চিনি এক কাপ, ​দুধ দুই কাপ, ​গুঁড়া দুধ আধা কাপ, ​ঘি চার টেবিল চামচ, ​এলাচ চারটি, ​দারচিনি দুই টুকরা, ​কিশমিশ ও বাদাম কুচি সাজানোর জন্য।

 

রসালো তরমুজ কামড়ে খাওয়ার মজাই আলাদা

যেভাবে তৈরি করবেন

*    প্রথমে তরমুজের খোসার বাইরের শক্ত সবুজ অংশটি ফেলে দিয়ে শুধু সাদা অংশটি নিন। এবার গ্রেটার দিয়ে কুচি করে নিন অথবা হালকা ভাপিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন।

*    একটি প্যানে ঘি গরম করে তাতে এলাচ ও দারচিনি ফোড়ন দিন।

 

*   এবার পানি ঝরিয়ে রাখা তরমুজের খোসা দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়।

*  এরপর এতে তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধ কিছুটা শুকিয়ে এলে চিনি ও সামান্য লবণ দিন।

*    মিশ্রণটি ঘন হয়ে এলে এতে গুঁড়া দুধ মিশিয়ে নিন।

 

*    হালুয়া যখন প্যানের গা ছেড়ে আসবে এবং ঘি ওপরে ভেসে উঠবে, তখন নামিয়ে নিন।

*   একটি পাত্রে ঢেলে ওপরে বাদাম কুচি ও কিশমিশ ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার তরমুজের খোসার শাহি হালুয়া।

 

 

মজিতো

উপকরণ

​বীজ ছাড়িয়ে নেওয়া তরমুজের টুকরা দুই কাপ, ​পুদিনাপাতা কয়েকটি, ​লেবুর রস দুই টেবিল চামচ, ​চিনি বা চিনির সিরা স্বাদমতো, ​বিট লবণ এক চিমটি, ​বরফ কুচি প্রয়োজনমতো, ​স্প্রাইট, সেভেন আপ বা সোডা ওয়াটার এক গ্লাস, ​লেবুর স্লাইস ও পুদিনা পাতা প্রয়োজনমতো।

প্রাণ জুড়াবে তরমুজ

যেভাবে তৈরি করবেন

*   লম্বা একটি গ্লাসে পুদিনাপাতা ও লেবুর স্লাইস নিন।

একটি মডলার বা ছোট চামচ দিয়ে পুদিনাপাতা ও লেবু হালকা করে থেঁতলে নিন, যাতে এর নির্যাস ও সুন্দর ঘ্রাণ বের হয়। 

*   এরপর তরমুজের কিউবগুলো দিয়ে দিন এবং পুনরায় হালকা করে চেপে দিন, যেন তরমুজের রস বের হয়।

*    এবার স্বাদমতো চিনি বা সুগার সিরাপ ও সামান্য বিট লবণ দিন।

*  এরপর গ্লাসের মধ্যে পরিমাণমতো বরফ কুচি দিন। সব শেষে গ্লাসের মধ্যে সোডা ওয়াটার বা স্প্রাইট ঢেলে দিয়ে পরিবেশন করুন।

 

 

ললি

উপকরণ

​তরমুজের রস দুই কাপ (বীজ ছাড়ানো তরমুজ ব্লেন্ড করে নেওয়া), ​চিনি বা মধু স্বাদমতো, ​লেবুর রস এক টেবিল চামচ এবং ​বিট লবণ এক চিমটি।

প্রাণ জুড়াবে তরমুজ

যেভাবে তৈরি করবেন

*    একটি পাকা তরমুজ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন এবং যতটা সম্ভব বীজ ছাড়িয়ে নিন।

*    এবার ব্লেন্ডারে তরমুজের টুকরাগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন।

*  একটি ঘন ছাঁকনি দিয়ে রস ছেঁকে নিন, যাতে কোনো দানা বা আঁশ না থাকে।

*    ছেঁকে নেওয়া রসের সঙ্গে চিনি বা মধু, লেবুর রস ও সামান্য বিট লবণ মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী মিষ্টি ঠিক আছে কি না পরখ করুন।

*    আইসললির ছাঁচ বা ছোট প্লাস্টিকের কাপে মিশ্রণটি ঢালুন। এরপর আইসক্রিমের কাঠি বসিয়ে দিন। এরপর ডিপ ফ্রিজে অন্তত ছয়-সাত ঘণ্টা বা সারা রাত জমতে দিন। পরদিন বের করে পরিবেশন করুন।

 

মিল্কশেক

উপকরণ

​তরমুজ কিউব দুই কাপ, ​ঠাণ্ডা তরল দুধ এক কাপ (আগে জ্বাল দেওয়া), ​চিনি দুই টেবিল চামচ, ​ভ্যানিলা আইসক্রিম দুই স্কুপ এবং ​বরফ কুচি পরিমাণমতো।

 

প্রাণ জুড়াবে তরমুজ

​যেভাবে তৈরি করবেন

*   তরমুজ থেকে সব বীজ ছাড়িয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। ভালো ফল পাওয়ার জন্য তরমুজের টুকরাগুলো আধা ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে পারেন।

*   এরপর একটি ব্লেন্ডারে তরমুজের টুকরা, দুধ, চিনি ও আইসক্রিম সঙ্গে দিয়ে দিন।

*   মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত ভালো করে ব্লেন্ড করুন।

*   এবার গ্লাসে বরফ কুচি দিয়ে তৈরি করা মিল্কশেকটি ঢেলে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 

জুস

উপকরণ

তরমুজ চার কাপ (বীজ ছাড়ানো এবং ছোট টুকরা করা), চিনি স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ, বিট লবণ সামান্য, পুদিনাপাতা চার-পাঁচটি এবং ​বরফ কুচি প্রয়োজনমতো।

প্রাণ জুড়াবে তরমুজ

যেভাবে তৈরি করবেন

*  প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে লাল অংশ থেকে ছোট ছোট টুকরা করে নিন। সম্ভব হলে বীজগুলো ফেলে দিন।

*  একটি ব্লেন্ডারে তরমুজের টুকরা, চিনি, লেবুর রস, বিট লবণ ও পুদিনাপাতা একসঙ্গে নিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।

*   এবার একটি ছাঁকনি দিয়ে জুস ছেঁকে নিন, যাতে বাড়তি আঁশ বা অবশিষ্ট বীজ আলাদা হয়ে যায়।

* গ্লাসে বরফ কুচি দিয়ে জুস ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com