ঘনিয়ে আসছে চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান উৎসব। ১২ মে ফ্রান্সের কান শহরে বসবে এর ৭৯তম আসর। এ উপলক্ষে গতকাল প্রকাশ করা হয়েছে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ছবির তালিকা। এবার মূল প্রতিযোগিতা অর্থাৎ স্বর্ণপামের দৌড়ে রয়েছে ২১টি ছবি।
ঘনিয়ে আসছে চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান উৎসব। ১২ মে ফ্রান্সের কান শহরে বসবে এর ৭৯তম আসর। এ উপলক্ষে গতকাল প্রকাশ করা হয়েছে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ছবির তালিকা। এবার মূল প্রতিযোগিতা অর্থাৎ স্বর্ণপামের দৌড়ে রয়েছে ২১টি ছবি।
মূল প্রতিযোগিতায় রয়েছে আসগর ফরহাদির ‘প্যারালাল টেলস’, পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, পাবেল পাবলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’, আইরা স্যাকসের ‘দ্য ম্যান আই লাভ’, লাসলো নেমেসের ‘মোলিন’, হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’, ক্রিস্টিয়ান মুঙ্গিউর ‘ফিজোর্ড’, আর্থার হারারির ‘দ্য আননোন’-এর মতো ছবি। এর মধ্যে একমাত্র মার্কিন নির্মাতা আইরা স্যাকস। অন্যদিকে চমকে দিয়েছে ফরাসি ছবি।
একই দিনে প্রকাশ করা হয়েছে অন্যান্য বিভাগের নির্বাচিত ছবির নামও। এবার আঁ সার্তে রিগায় জায়গা পেয়েছে ১৫টি ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য—লেইলা মারাকশির ‘লা মাস দুলসে’, জর্ডান ফার্স্টম্যানের ‘ক্লাব কিড’, জেন স্কোনবার্নের ‘টিনেজ সেক্স অ্যান্ড ডেথ অ্যাট ক্যাম্প মিয়াসমা’, সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’, ক্যাথরিনা রিভিলিসের ‘আই উইল বি গন ইন জুন’, রাকান মায়াসির ‘ইয়েসটারডে দ্য আই ডিডন্ট স্লিপ’ ও ম্যানুয়েলা মার্টেলির ‘দ্য মেল্টডাউন’।
এ ছাড়া আউট অব কম্পিটিশন বিভাগে ছয়টি, বিশেষ প্রদর্শনী বিভাগে সাতটি, মিডনাইট স্ক্রিনিং বিভাগে পাঁচটি ও কান প্রিমিয়ার বিভাগে দেখানো হবে পাঁচটি ছবি। আগেই জানা গেছে, এবার কান উৎসবের পর্দা উঠবে পিয়ের সালভাদোরির কমেডি ছবি ‘দ্য ইলেকট্রিক কিস’ [১৯২০] দিয়ে। এবার জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত দক্ষিণ কোরীয় নির্মাতা পার্ক চ্যান-উক। আর সম্মানসূচক স্বর্ণপাম পাবেন কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড ও নির্মাতা পিটার জ্যাকসন।
নাম ঘোষণায় উপস্থিত ছিলেন উৎসবের সভাপতি আইরিস নোব্লোখ ও প্রধান নির্বাচক থিয়েরি ফ্রেমো।