সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাম রোগী বাড়ছে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে দেশে সংক্রামক রোগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে ছড়াচ্ছে হাম রোগ। গত ২৪ ঘণ্টায় ২৭ জন রোগী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যুও হয়েছে। চিকিৎসকরা বলছেন, আবহওয়া পরিবর্তন ও হামের টিকা না নেওয়া শিশুদের মধ্যে এই রোগ ছড়াচ্ছে। এ থেকে রেহাই পেতে শিশুদের ধুলাবালি ও তাপপ্রদাহ থেকে নিরাপদে রাখা ও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে যথাযথ চিকিৎসার জন্য সংক্রামক ব্যাধি হাসপাতালে বন্ধ থাকা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ২৪ ঘণ্টার মধ্যে চালুর নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার আইসিইউ চালু করার কথা জানিয়েছেন হাসপাতালটির দায়িত্বে থাকা ডা. তানজিনা জাহান।

এর আগে গত সোমবার এক শিশুর মৃত্যুর পর রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ অস্থিরতা সৃষ্টি হয়। খবর পেয়ে মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, কিছুদিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত হামের রোগী আছে। তাদের ভালো চিকিৎসা চলছে। কিন্তু এই রোগীর অবস্থা খারাপ ছিল। তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু হাসপাতালের আইসিইউটি বন্ধ। আর অন্য কোথাও এ ধরনের রোগী নেয় না। এখানে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা জানতাম না যে দেড় বছর আগে আইসিইউটি বন্ধ হয়ে গেছে। আজ বিষয়টি জানলাম। এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক, টেকনিশিয়ান ও কনসালটেন্ট সংযুক্ত করে এটি চালু করা হবে। অক্সিজেন সরবরাহ নিশ্চিত রয়েছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।

হাসপাতালে হাম রোগী বাড়ছে, চালু হচ্ছে আইসিইউ : সংক্রামক ব্যাধি হাসপাতালের ডা. তানজিনা জাহান গতকাল মঙ্গলবার আমাদের সময়কে বলেন, দেশে হাম রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে

রোগীর চাপ বেড়েছে। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। এর মধ্যে নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চিকিৎসক পদায়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারের মধ্যেই আইসিইউ পূর্ণাঙ্গভাবে কার্যকর (অ্যাকটিভ) হয়ে যাবে।

ডা. তানজিনা জাহান বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসাসেবায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো ধরনের অবহেলা বা ব্যর্থতা বরদাশত করা হবে না বলেও তারা জানিয়েছেন।

হাম রোগ প্রতিরোধে করণীয় : আবহাওয়া পরিবর্তনে বাড়ছে হাম ও চিকেনপক্স, সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমিরেটাস অধ্যাপক এবিএম আবদ্ল্লুাহ। তিনি আমাদের সময়কে বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে ধুলাবালি, তাপমাত্রার তারতম্য ও পরিবেশগত কারণে শিশুদের মধ্যে হামসহ বিভিন্ন সংক্রামক রোগের সংক্রমণ বাড়ছে। বিশেষ করে যেসব শিশু এখনও হাম রোগ প্রতিরোধক টিকা নেয়নি, তাদের ঝুঁকি বেশি। এবিএম আবদুল্লাহর ভাষ্য, হাম প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। যারা এখনও হাম প্রতিরোধী টিকা নেয়নি, তাদের দ্রুত টিকা নেওয়া প্রয়োজন। এ ছাড়া প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেওয়াই ভালো। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। রোদ ও ধুলাবালি এড়িয়ে চলা এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করা উচিত। একই সময়ে চিকেনপক্সের সংক্রমণও বেড়েছে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

হাম রোগ হলে করণীয় : জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী বলেন, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে প্রাপ্তবয়স্কদের মধ্যেও এ রোগ হতে পারে। হাম হলে সাধারণত শরীরে ছোট ছোট র?্যাশ বা ফুসকুড়ি দেখা যায়, সঙ্গে জ্বর ও শরীর ব্যথা থাকে। তার পরামর্শ, হাম আক্রান্ত হলে প্রথমেই রোগীকে বিশ্রামে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল খাবার গ্রহণ অত্যন্ত জরুরি। শরীরে চুলকানি থাকলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন এবং জ্বর বা ব্যথা থাকলে প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করা যেতে পারে। যেহেতু হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই এ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই।

তবে রোগী যদি পর্যাপ্ত পানি বা তরল খাবার গ্রহণ না করেন, তাহলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে, যা কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জটিলতাও তৈরি হতে পারে। এ কারণে হামসহ যে কোনো অসুস্থতায় অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com