জু ল ফি কা র শা হা দা ৎ
আমরা শিশু আমরা কিশোর
আমরা নতুন দিন
আমরা করবো এই পৃথিবী
ঝলমলে রঙ্গিন
আমরা কলি আমরা ফুটবো
আমরা করব জয়
আমরা এবার ছড়িয়ে যাবো
পুরো ভুবনময়।
আমরা গড়বো হাসির রাজ্য
খুশির উপবন
প্রজাপতির ডানায় ডানায়
উড়বে সবার মন
আমরা নাচবো আমরা গাইবো
নেই আমাদের ভয়
আমরা হবো জগৎজুড়ে
অমর ও অক্ষয়।
আমরা শক্তি আমরা সাহস
আমরা রঙ্গিন ঘুড়ি
নীল আকাশে ডানা মেলে
ইচ্ছেমতো উড়ি
আমরা পুতুল, আমরা পাখি
আমরা সবার আপন
মিলেমিশে আমরা সবাই
করবো জীবন-যাপন।