সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গানের ভুবন ২০২৫

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের কারণে ২০২৪ সালে সংগীতাঙ্গনের দৃশ্যপট অনেকটা বদলে গিয়েছিল। ২০২৫ সালে আবার তা ফিরেছে চিরচেনা অবয়বে। সিনেমা, নাটক, সিরিজের পাশাপাশি একক, দ্বৈত ও সম্মিলিত গানের প্রকাশনা থেকে শুরু করে অনলাইন ও টিভি আয়োজনে ছিল রকমারি সংগীতের উপস্থাপনা।

পরিসংখ্যান হিসাবে ২০২৫ সালে সিনেমার ৩২% গান শ্রোতার মনোযোগ কেড়েছে। গত কয়েক বছর ধরে দেশীয় সিনেমার গানগুলোয় বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। নানা ধরনের নিরীক্ষাও চলছে; যার সুবাদে ফিউশন ধারার সংগীত প্রাধান্য পেয়েছে। সিনেমায় আলোড়ন তোলা গানের অন্যতম একটি আয়োজন ছিল ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি। প্রচলিত ঘেঁটু গান থেকে এর ফিউশন করেছেন প্রীতম হাসান। গানে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। একইভাবে পুরোনো গানের মিশ্রণে তৈরি করা ‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি আলোড়ন তুলেছে শ্রোতার মাঝে। এই গানের মাধ্যমে আবারও প্লেব্যাকে প্রত্যাবর্তন ঘটেছে তারকাশিল্পী মিলা ইসলামের। একইভাবে প্রীতম হাসানের সুর ও সংগীতায়োজনে আরেকটি গান ‘চাঁদ মামা’ দারুণ সাড়া ফেলেছে গানের ভুবনে। ‘বরবাদ’ সিনেমার এই গানে প্রীতম হাসানের সঙ্গে কণ্ঠ দিয়ে আলোচনায় ছিলেন শিল্পী অদিতি রহমান দোলা। এই সিনেমার আরও দুটি গান ‘মহামায়া’ ও ‘মায়াবী’ও স্থান পেয়েছে অসংখ্য শ্রোতার প্রিয় গানের তালিকায়। মাইনুল আহসান নোবেল গেয়েছেন ‘মহামায়া’। অন্যদিকে ইমরান ও কোনাল কণ্ঠ দিয়েছেন ‘মায়াবী’ গানে। ২০২৫ সালে আলোড়ন তোলা আরেকটি আয়োজন ছিল ইমরান ও কনার গাওয়া ‘জ্বিন-৩’ সিনেমার গান ‘কন্যা’। এই গানের পাশাপাশি ইমরান-কনার ‘বন্ধুগো শোন’ গানটিও প্রশংসা কুড়িয়েছে। ‘জংলি’ সিনেমার এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন প্রিন্স মাহমুদ। নন্দিত এই সুরকার আরও তিনটি গান তৈরি করেছেন ‘জংলি’ সিনেমার জন্য। তুমুল আলোড়ন না তুললেও ‘জংলি’ সিনেমায় মাহতিম সাকিবের গাওয়া ‘মায়া পাখি’, হাবিব ওয়াহিদের ‘যদি আলো আসতো’ এবং তাহসান খান ও আতিয়া আনিসার দ্বৈত ‘জনম জনম’ গানগুলো অনেকের মনোযোগ কেড়েছে। এর পাশাপাশি চলতি বছর বিভিন্ন সিনেমার আরও কিছু গান শ্রোতার মাঝে সাড়া ফেলেছে।
সিনেমার পর নাটক ও ওয়েব সিরিজের গানের দিকে নজর দিলে একটু অবাক হতে হয়। কারণ গত বছরের তুলনায় ২০২৫ সালে নাটক ও ওয়েব সিরিজের সংখ্যা কম ছিল এ কথা বলার অবকাশ নেই। অথচ সংখ্যা বিচারে সাড়া জাগানোর মতো গানের সংখ্যা ছিল তুলনামূলক কম। পরিসংখ্যানে দেখা যায়, নাটক ও ওয়েব সিরিজের জনপ্রিয় গানের সংখ্যা মাত্র ১৭%। এর মধ্যে বালাম-ন্যান্সির ‘মায়া মায়া লাগে’, হাবিব ও ন্যান্সির ‘আমার দিনগুলো সব হারিয়ে যায় আঁধারে’, কনা-আকাশ সেনের ‘প্রেমের নদী’, মাহতিম সাকিব-আতিয়া আনিসার ‘তুমি কি আমার’, ইমরান-কনার ‘আমি শুধু তোমার হবো’, সজীবের ‘দহন’, পড়শী-আভরাল সাহিরের ‘হৃদয়ের এক কোণে’, কনা-সজীব দাসের ‘যদি মনটা করি চুরি’, রেহান রসুল-অবন্তী সিঁথির ‘এত প্রেম এত মায়া’, আরফিন রুমি-পড়শির ‘ঘুম হয়ে যা’, নাজির মাহমুদ-কনার ‘তোমার ব্যথায় আমি’সহ আরও বেশ কিছু গান দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছে।

অনলাইন সংগীতায়োজনে ফিউশন গানের আধিক্য ছিল চোখে পড়ার মতো। মৌলিক গানের বদলে প্রচলিত গানের নতুন সংগীতায়োজনে তুলে ধরার বিষয়টি প্রাধান্য দিয়েছেন সংগীতায়োজক ও অনুষ্ঠান কিউরেটররা। তবে দর্শক-শ্রোতা এই বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন। কারণ প্রতিটি গানই বর্ণাঢ্য আয়োজনে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘কোক স্টুডিও বাংলা’য় কিংবদন্তি শিল্পী রুনা লায়লার গাওয়া ‘মাস্‌ত কালান্দার’, হাবিব ও মেহেরনিগরি রুস্তমের ‘মহাজাদু’, তানযীর তুহীন, লিভিয়া ও গাব্বুর ‘ক্যাফে’, অঙ্কুর ও আফরিনের ‘লং ডিস্ট্যান্স লাভ’, ইমন চৌধুরী ও হাসিম মাহমুদের ‘বাজি’ গানগুলো দারুণ সাড়া ফেলেছে। এর পাশাপাশি ‘আরটিভি ফোক স্টেশন’-এ কনার গাওয়া ‘বাউলা কে বানাইলো রে’, অরূপ ও নয়নের ‘আলগা করো গো খোপার বাঁধন’, ‘লাইভ গান সেসন ওয়ান’-এ ঐশীর গাওয়া ‘কালা রে’সহ বিভিন্ন অনলাইন সংগীতানুষ্ঠানের আরও কিছু গান সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী এই মাধ্যমের ২৩% গান দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করেছে।

এবার আসা যাক, অডিও-ভিডিও মাধ্যমে প্রকাশিত একক, দ্বৈত ও কোরাস গান ও অ্যালবাম প্রসঙ্গে। ক্যাসেট-সিডি যুগের পর ইউটিউব হয়ে উঠেছে গান প্রকাশের প্রধান মাধ্যম। এরপর এসেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো–যেগুলো বিভিন্ন নানা প্রান্তে বাংলা গানকে পৌঁছে দিচ্ছে। সে কারণে পেশাদারি জায়গা থেকে শিল্পী, সুরকার, গীতিকবি, সংগীতায়োজক–সবাই এই মাধ্যমটিকে প্রাধান্য দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে তাই এই মাধ্যমে গান প্রকাশের সংখ্যা বরাবরই বেশি। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও নিজস্ব ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে চলেছেন শিল্পী, ব্যান্ড, সুরকার ও সংগীতায়োজকরা। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ২৮% অডিও-ভিডিও গান সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করেছে; যার মধ্যে এ বছর আলোড়ন তোলা গানের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কোনাল ও নিলয়ের দ্বৈত গান ‘ময়না’, ইশান মজুমদার ও শুভেন্দু দাসের ‘গুলবাহার’, ইমরান মাহমুদুল ও ইশিকার ‘পারবো না তোমাকে ছাড়তে’, সাইফ জোহানের ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’, পারভেজ খানের ‘আমার বন্ধুরও বন্ধু আছে’, সানজিদা রিমির ‘তুই আমার আলতা চুড়ি না’। এ ছাড়াও শ্রোতা মনোযোগ কেড়ে নেওয়া গানের তালিকায় রয়েছে হাবিব ওয়াহিদের ‘পাগল হাওয়া’, লুইপার ‘চুড়ি ছাম ছাম’, ইমরান-আতিয়া আনিসার ‘তুই আমার’, শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায়-২’, ‘ক্লান্ত কফিশপ’, ‘প্রিয়তমা’, বে অব বেঙ্গলের ‘গন্ধ খুঁজে পাই’, রাফার ‘জোছনামাখা গন্ধ’, অর্ণবের অ্যালবাম ‘ভাল্লাগে না’, বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’ ও ‘ভার্টিক্যাল হরাইজন’ অ্যালবামেরসহ আরও কিছু গান সংগীতপ্রেমীদের মনে ছাপ ফেলেছে। সব মিলিয়ে চলতি বছরে জনপ্রিয় গানের তালিকাটা বেশ বড়; যা থেকে অনুমান করা যায়, এই বছরটি সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণে সব ধরনের গানের আয়োজন করে গেছেন সংগীত ভুবনের বাসিন্দারা।

    ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

    এই বিভাগের আরো সংবাদ
    © All rights reserved © 2026 PromiNewsBD.com
    Theme Dwonload From ThemesBazar.Com