সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মেহেদি রাঙানো ঈদ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
  • চাঁদরাতে মেহেদি পরার ধুম পড়ে যায়। মেহেদির রং-নকশায় জমে ওঠে ঈদ। কোন হাতে কেমন নকশা, হালকা নকশা নাকি ভরাট, কোনটিতে মানাবে কাকে, রং গাঢ় করার উপায় নিয়ে ডিজাইনারের সঙ্গে কথা বলে লিখেছেন ফাতেমা ইয়াসমীন
  • একসময় মেহেদি পাতা বেটে হাতে লাগানোর চল ছিল, যা ছিল সময়সাপেক্ষ এবং কিছুটা কষ্টসাধ্য। টিউব মেহেদির কল্যাণে এখন খুব সহজেই দৃষ্টিনন্দন নকশা আঁকা যায়।
  • নকশায় বৈচিত্র্য

    সময়ের পরিবর্তনের সঙ্গে মেহেদির নকশায় এসেছে বৈচিত্র্য। ফুলেল, চরকা, পানপাতা, ময়ূর, জ্যামিতিক মোটিফের নকশাই বেশি জনপ্রিয়।

  • কারো পছন্দ হালকা ডিজাইন, আবার কেউ চায় হাত ভরা নকশা। ফিউশন ডিজাইনে কালো মেহেদি দিয়ে আউটলাইন করে লাল মেহেদি দিয়ে ভেতরের অংশ পূরণ করাও বেশ জনপ্রিয় এখন। হাতের গড়ন কেমন তার ওপর ভিত্তি করেও মেহেদির ডিজাইনের তারতম্য করতে হয়। যাদের হাত বড় তাদের হাতে ভরাট ও বড় আকৃতির নকশা মানানসই।
  • যাদের হাত ছোট তাদের হাতে লম্বালম্বি ডিজাইন ভালো দেখায়। 

    পোশাকের সঙ্গে মিলিয়ে মেহেদি ডিজাইন

    পোশাকের সঙ্গে মিলিয়ে মেহেদির ডিজাইন করলে সাজ পায় পূর্ণতা। শাড়ির সঙ্গে দুই হাত ভরে নকশা করলে ভালো লাগবে। সালোয়ার-কামিজের সঙ্গে হাতের তালুতে বেশি নকশা রেখে ওপরটা হালকা রাখুন।

    লম্বা কামিজের সঙ্গে কনুই পর্যন্ত মেহেদি না পরাই ভালো। হাতকাটা পোশাকের সঙ্গে বাহুতে বাজুবন্ধের মতো নকশা দেবে ভিন্ন মাত্রা। 

    মেহেদির রং গাঢ় করার উপায়

    মেহেদি লাগানোর আগে হাত ভালো করে ধুয়ে, শুকিয়ে নিন। মেহেদি শুকিয়ে গেলে ঝেড়ে ফেলুন, পানি দেবেন না। চায়ের লিকার ও লেবুর রস ব্যবহার করলে রং আরো গাঢ় হয়।

    সরিষার তেল মাখলে রং দীর্ঘস্থায়ী হয়। যারা তাত্ক্ষণিক মেহেদি পরার কথা ভাবছেন তাঁরা মেহেদি দেওয়ার পর অবশ্যই ভালোভাবে ঘষে হাত পরিষ্কার করে নেবেন, যেন মেহেদিতে থাকা রাসায়নিক হাতে লেগে না থাকে। যাঁরা তাড়াতাড়ি রং উঠিয়ে ফেলতে চান, হাতের ওই অংশটুকুতে পেস্ট লাগিয়ে শুকানোর পর ঘষে তুলে ফেলুন। সঙ্গে লেবু বা কাঁচা হলুদ দিয়েও ঘষে দেখতে পারেন।

     

    মেহেদি লাগানোর সহজ কৌশল

    ডিজাইনের জন্য আগে থেকে কিছু মোটিফ দেখে নিন। টিস্যু পেপার, টুথপিক বা আলপিন সঙ্গে রাখুন। মেহেদি দেওয়ার সময় নড়াচড়া কম করুন। এতে নকশা নষ্ট হবে না। জামা-কাপড়েও লাগবে না। যাঁরা বাসায় মেহেদি পরতে অভ্যস্ত নন তাঁরা ঈদের আগের দিন পার্লার থেকে মেহেদি নকশা করিয়ে আনতে পারেন।

    খরচ

    পার্লারভেদে মেহেদি লাগানোর খরচ ভিন্ন হয়ে থাকে। দুই হাত ভরে ঘন নকশার খরচ ২০০০ থেকে ৪০০০ টাকা। হালকা নকশার খরচ ২৫০ থেকে ৩০০ টাকা। হাতের মাঝখানে ডিজাইনে খরচ পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। কনুই পর্যন্ত নকশা করতে খরচ পড়বে ১০০০ থেকে ১৬০০ টাকা। শিশুদের মেহেদি করাতে খরচ পড়বে ৫০০ থেকে ১০০০ টাকা। বেশির ভাগ পার্লারে এই খরচের মধ্যেই আপনার পছন্দমতো নকশা করিয়ে নিতে পারবেন।

     

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com