রুবাইয়াত জানান, শুটিং শেষে ছবিটি এখন পোস্ট প্রডাকশনে রয়েছে। এই ধাপের কাজ চলছে ফ্রান্সে।
২০২২ সালে এই ছবির জন্য বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে অনুদান পেয়েছিলেন রুবাইয়াত হোসেন। তবে ছবিটি নিয়ে তাঁর পথচলা আরো দীর্ঘ। তিনি জানান, প্রায় ২১ বছর ধরে এ গল্প পুষে রেখেছেন মনে।
রুবাইয়াত জানালেন, এ বছরের জুন-জুলাইতে শুটিং সেরেছেন ঢাকায়। এখন প্যারিসে করছেন পোস্ট প্রডাকশন। নির্মাতা বলেন, ‘কয়েক মাসের মধ্যেই ছবিটি সম্পন্ন হয়ে যাবে। এরপর আমরা বিভিন্ন উৎসবে পাঠানোর ব্যাপারে প্ল্যান করব। তবে আপাতত ছবিটা ঠিকভাবে সম্পন্ন করা নিয়েই আমার মনোযোগ।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সিনেমাটোগ্রাফি করেছেন পর্তুগিজ নির্মাতা এবং গোল্ডেন বিয়ার [বার্লিন উৎসবের সর্বোচ্চ পুরস্কার] বিজয়ী লিওনোর টেলিস। প্রোডাকশন ডিজাইন করেছেন ভেনিস উৎসবে পুরস্কৃত জোনাকি ভট্টাচার্য। প্রযোজনায় রুবাইয়াতের সঙ্গে আছেন ফ্রাঁসোয়া দ’আর্তেমেয়ার [ফ্রান্স], আনা কাচকো [জার্মানি], পেদ্রো বোর্জেস [পর্তুগাল] ও ইনগ্রিদ লিল হগটুন [নরওয়ে]। এ মাসেই ছবিটি অংশ নেবে ফ্রান্সের ‘লে আর্কস ফিল্ম ফেস্টিভাল’-এর ওয়ার্ক ইন প্রগ্রেস বিভাগে।
প্রসংগত, এর আগে রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’ [২০১১], ‘আন্ডার কনস্ট্রাকশন’ [২০১৫] ও ‘শিমু’ [২০১৯] ছবিগুলো দেশে যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি বিদেশেও বিভিন্ন উৎসবে পেয়েছিল স্বীকৃতি।