মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শীতের আগাম প্রস্তুতি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
মডেল : নানজিবা খান কৃতজ্ঞতা : অরা বিউটি লাউঞ্জ ছবি : মালিয়াত বিনতে
দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীত বাড়তে শুরু করেছে। গত বুধবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ভোর ও গভীর রাতে কুয়াশা ও ঠাণ্ডা বাতাসের কারণে গায়ে জড়াতে হচ্ছে শীতের পোশাক। সন্ধ্যা নামলেই বাড়ছে শীতের প্রকোপ।

 

শীতের রেশ পড়তে শুরু করেছে রাজধানী ঢাকায়ও। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের [বিডব্লিউওটি] তথ্য মতে, ঢাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এখন। নভেম্বরজুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই তাপমাত্রা শীতের আগমনের স্পষ্ট বার্তা।

 

শীতের আগাম প্রস্তুতি
শীত আসার আগেই প্রয়োজনীয় প্রসাধনী গুছিয়ে নিতে পারেন। মডেল : লাবণ্য, ছবি : এটুজেড

শীত আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রাও বদলে যায়। শীতনিদ্রায় চলে যায় এয়ারকন্ডিশনার। স্টোররুম থেকে বের করা হয় তুলে রাখা শীতের পোশাক—লেপ, কম্বল, মোটা কাঁথা, কার্পেট, রুম হিটারের মতো উষ্ণতার অনুষজ্ঞ।

তুলে রাখা এসব পোশাক বের করে পরখ করে নিন। প্রয়োজনে ড্রাইওয়াশ বা লন্ড্রি করিয়ে নিতে পারেন। লেপ, কম্বল, কাঁথা, কার্পেট বের করে ধুলা ঝেড়ে নিন। রোদে মেলে দিয়ে স্যাঁতসেঁতে ভাব দূর করে আলমারিতে নির্দিষ্ট ড্রয়ারে রেখে দিন। পরিবারে নবীন সদস্য যোগ হলে তার জন্য শীতের অনুষঙ্গ এখন কিনে রাখতে পারেন।
 

শীতের আগাম প্রস্তুতি
শীতের ধকল সবচেয়ে বেশি পড়ে ত্বকের ওপর। আগাম প্রস্তুতি থাকলে শীতের রুক্ষতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে ত্বক

শীতে প্রসাধনীতেও ব্যাপক পরিবর্তন আসে। তুলে রাখা পেট্রোলিয়াম জেলি, লিপজেল, লোশন, অলিভ অয়েল, কোল্ড ক্রিম, গ্লিসারিন বের হয় ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে। এগুলোর গুণগত মান এবং মেয়াদ আছে কি না দেখে নিন। কোনোটি কেনার দরকার হলে তার লিস্ট করে ফেলুন। এসবই শীত মোকাবেলার প্রস্তুতি। জানেনই তো, যার প্রস্তুতি যত ভালো, কঠিন পরিস্থিতি উতরে যাওয়াও তার জন্য তত সহজ। এ জন্য এখন থেকেই শুরু করুন শীতকে রুখে দেওয়ার কর্মযজ্ঞ।

রেড বিউটি পার্লারের

রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, ‘শীতের আগে বাতাসে ধুলার প্রকোপ বাড়ে। কমতে থাকে আর্দ্রতা। এ সময় ত্বকে হালকা ট্যান, রুক্ষতা আর নিস্তেজ ভাব ধরা দেয়। ধীরে ধীরে এটি বাড়তে থাকবে। আগে থেকে যত্ন না নিলে ত্বকে ফাটল বা চিড় দেখা দিতে পারে। রাতে ঘুমানোর আগে ত্বকে কয়েক ফোঁটা নারকেল তেল মেখে নিতে পারেন। ত্বকের আগাম সুরক্ষায় এই একটি টোটকাই জাদুর মতো কাজ করবে। সকালে ত্বক কোমল, মসৃণ ও নরম দেখাবে।’

শীতের আগাম প্রস্তুতি
শীতে মিমের মতো নরম কোমল ঠোঁট চাইলে এখন থেকেই যত্ন নিন

দিনের শুরুতেও রাখুন শীতের প্রস্তুতি। এখন থেকেই হালকা উষ্ণ পানিতে গোসল করতে শুরু করুন। তাহলে বেশি শীতেও গোসল করতে অনীহাবোধ হবে না। এত দিন হয়তো গিজারটি ব্যবহার করা হয়নি গরমের কারণে। তাই ব্যবহারের আগে একবার পরখ করে নিন যন্ত্রটি ঠিক আছে কি না। গিজারের গরম পানিতে সরাসরি গা না দেওয়া অনুচিত। আগে হাত দিয়ে পানি স্পর্শ করে দেখুন তাপমাত্রা সহনীয় কি না। ডার্মাটোলজিস্ট রায়হান উদ্দিন আহমেদ বলেন, ‘উষ্ণ পানিতে গোসল আরামদায়ক। এ জন্য অনেকেই সময় নিয়ে গোসল করেন। এতে ত্বক ও চুল আরো শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। উষ্ণ পানিতে দ্রুত গোসল সেরে নিন। টাওয়েল দিয়ে ত্বক আলতো করে মুছে নিন। গা ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে পানির আর্দ্রতা ত্বকে দীর্ঘক্ষণ আটকে থাকে। ত্বক থাকে নরম ও কোমল।’

শীতের আগাম প্রস্তুতি
এখন থেকেই দিনে দুইবার ত্বক ক্লিনজিং ও টোনিং করুন।  মডেল : ইলিয়াস, ছবি : এটুজেড

তাড়াহুড়া নয়, শীতে ত্বকের প্রস্তুতি নিতে স্লো ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করুন। ঘরোয়া উপায়ে ত্বকচর্চা করতে পারেন। মধুতে থাকা প্রাকৃতিক গুণ ত্বকের শুষ্কতা দূর করে মোলায়েম করে তোলে। ত্বকের ওপর পাতলা করে মধুর প্রলেপ দিন। ১০ থেকে ১২ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সব শেষে তুলা দিয়ে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সপ্তাহে এক দিন ঘরে বসে স্পা করে নিতে পারেন। এতে শীতের রুক্ষতা থেকে রক্ষা পাবে পুরো শরীর। এক কাপ এসেনশিয়াল অয়েল নিন। এর মধ্যে দুই কাপ চিনি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর পুরো শরীরে স্ক্র্যাব করুন। মুখের ত্বকের জন্য ওট মিল ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন।

শরীরের জন্য যেকোনো পরিস্থিতি সহজে মোকাবেলা করে দেয় সুস্বাস্থ্য। বাইরে থেকে ত্বক ও চুলের যত্ন তো নেবেনই, দরকার ভেতর থেকেও পুষ্টি সরবরাহ। পর্যাপ্ত ঘুম ও পানি পান, ব্যায়াম, সুষম খাবার, সবুজ শাক-সবজি, ফলমূল ও মাছ ত্বকের কোষকে ভেতর থেকে পুষ্ট করে। দুধে থাকা ফসফোলিপিড ত্বকের প্রাকৃতিক প্রোটেকশন লেয়ারকে মজবুত করে।

শীতে সর্দিকাশি বা ফ্লুজাতীয় অসুখ বেশি হয়। এখন থেকেই এসব রোগ সম্পর্কে সচেতন থাকা জরুরি। প্রয়োজনে ফ্লু ভ্যাকসিন নিয়ে রাখতে পারেন। তরল ও গরম জাতীয় খাবার খেলে এমন অসুখে আরাম পাওয়া যায়। প্রতিদিন চা পান, কুসুম গরম পানি পান, আদা, লেবু, মধু ইত্যাদি রাখতে পারেন খাদ্যতালিকায়। বাইরে থেকে ফিরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। শীতজনিত রোগ থেকে বাঁচতে এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

দিনে ও রাতে নিয়ম করে দুই বেলা ক্লিনজিং ও টোনিং করে ময়েশ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। সঙ্গে সানস্ক্রিনও রাখতে হবে। সপ্তাহে একবার চুলে ডিপ কন্ডিশনিং করুন। মোটকথা, নিজের ত্বক ও চুলকে এমনভাবে সময় দিন, যেন আসছে শীতেও ত্বক থাকে উজ্জ্বল, কমনীয় ও লাবণ্যময়।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com