মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পর্যটনে যুক্ত হলো শতবর্ষী প্যাডেল স্টিমার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
অভ্যন্তরীণ নৌপথে গতকাল থেকে চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। গতকাল রাজধানীর সদরঘাটে।
প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌপথে চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। গতকাল শনিবার রাজধানীর সদরঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এই প্যাডেল স্টিমার যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

 

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের নদীমাতৃক ঐতিহ্য তুলে ধরাই এর মূল লক্ষ্য। পিএস মাহসুদ বাংলাদেশের ঐতিহ্য ও নৌ-পর্যটনের মধ্যে এক অনন্য সেতুবন্ধ তৈরি করবে। আগামী ২১ নভেম্বর থেকে ঢাকা-বরিশাল রুটে নিয়মিত পর্যটনসেবা শুরু করবে জাহাজটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিআইডব্লিউটিসির শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদকে সংস্কার ও আবার চালু করার সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

ড. সাখাওয়াত বলেন, ‘পিএস মাহসুদ শুধু একটি জাহাজ নয়, এটি বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। আমরা চাই নতুন প্রজন্ম দেখুক, একসময় নদীই ছিল যোগাযোগ ও সংস্কৃতির প্রাণ। নদী ঐতিহ্য সংরক্ষণ এবং নৌ-পর্যটনের সম্ভাবনা বাড়াতে পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস টার্নসহ আরো কয়েকটি পুরনো স্টিমার মেরামতের পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া, নৌপরিবহনসচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, এই প্যাডেল স্টিমারটি আবার চালু হওয়ায় দেশি-বিদেশি বহু পর্যটককে আকৃষ্ট করবে।

এই বিলাসবহুল জাহাজটিতে বিদেশি পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, বাংলা সংগীতের লাইভ পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, স্টিমারটির সংস্কার ও আধুনিকীকরণে মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ন রাখা হয়েছে। তবে ইঞ্জিন, নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ আধুনিক করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটকবান্ধব ডেক ও ডিজিটাল নেভিগেশনব্যবস্থা। স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং প্রতি শনিবার বরিশাল থেকে ঢাকা যাবে।

সকাল ৮টায় রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে রাতে বরিশালে পৌঁছবে। যাত্রাপথে নদীর সৌন্দর্য উপভোগ ও অনন্য অভিজ্ঞতা লাভ করবে যাত্রীরা। নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের লাইফবোট, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ও জিপিএসব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ছাড়া পরিবেশবান্ধব কম কার্বন নিঃসরণ প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা নদীদূষণ কমাতে সহায়তা করবে। আগে স্টিমারটি শুধু রাতেই চলত। এবার দিনের ভ্রমণ চালু হওয়ায় পর্যটকরা নদী ও নদীর তীরের সৌন্দর্য আরো বেশি উপভোগ করতে পারবেন বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com