দেশে জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতিবছর আড়াই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এসব রোগীর বেশির ভাগই চিকিৎসার আওতার বাইরে থাকছে। ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যে ভেজাল আর বায়ুদূষণও দেশে ক্যান্সার আক্রান্তের অন্যতম কারণ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এবারের কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ মোট এক হাজার ২০০ জন ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার-সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশ নিয়েছেন।অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই এবং জেনারেল সেক্রেটারি ডা. এ এম এম শরীফুল আলমের নেতৃত্বে দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন বিভিন্ন একাডেমিক সেশনে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক।দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, যার বেশির ভাগই চিকিৎসার আওতার বাইরে। দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ‘ক্যান্সার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’অনুষ্ঠানে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। সম্মেলনে যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্টবার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, পেনসিলভানিয়া ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ও গবেষকরা অংশ নিয়েছেন।