সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৩০ ধরনের পদে নন-ক্যাডারে ৮৭৫ জন নিয়োগ দেওয়া হবে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এসব জনবল পদায়ন করা হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫। নিয়োগ পরীক্ষা পদ্ধতি, বিষয়ভিত্তিক প্রস্তুতিসহ দরকারি তথ্য জানাচ্ছেন সাজিদ মাহমুদ
পরীক্ষা পদ্ধতি
প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রথমেই নেওয়া হবে ১০০ নম্বরের এমসিকিউ বা প্রাথমিক পরীক্ষা। এক ঘণ্টার এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই রচনামূলক পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে। লিখিত পরীক্ষা ২০০ নম্বরের, সময় ৪ ঘণ্টা। লিখিত পরীক্ষায় পাস করলে ডাকা হবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায়।
পিএসসির নিয়োগ পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, বিষয়ভিত্তিক নির্ধারিত নম্বর বিভাজানের মাধ্যমে প্রশ্নপত্র করা হবে। এমসিকিউ পরীক্ষায় বাংলায় ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর থাকবে। এ ছাড়া গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২৫, সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন করা হবে। এমসিকিউ পদ্ধতিতে প্রতি প্রশ্নের মান ১।
মোট ১০০টি প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় বাংলায় ৫০, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞানে ৪০, গণিত ও মানসিক দক্ষতায় ৬০ নম্বর বরাদ্দ থাকবে। পিএসসির নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষার বিধি অনুযায়ী—কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাস করতে হলে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
সবচেয়ে বেশিসংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোতে।পিএসসির নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা অনুযায়ী বিভিন্ন পদের এমসিকিউ ও লিখিত (রচনামূলক) উভয় পরীক্ষার জন্য মূলত বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) বিষয়ের প্রশ্ন থাকে। তাই এসব বিষয়েই প্রস্তুতি নিতে হবে। পিএসসির নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার নীতিমালা ও নির্ধারিত সিলেবাস অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সবগুলো পদের ক্ষেত্রেই সাধারণ বা কমন বিষয়ের পাশাপাশি পদসংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রস্তুতিও নিতে হবে। যেমন—আইসিটি পদের জন্য আইসিটি বিষয়ভিত্তিক প্রস্তুতি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে।
এ ছাড়া সাধারণ নন-ক্যাডারের পদগুলোর জন্য পদসংশ্লিষ্ট বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। বিগত প্রশ্নপত্র অনুশীলন করতে পারলে ভালো ধারণা পাওয়া যাবে। এ ছাড়া নন-ক্যডারে নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন পাওয়া যায়। যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে। ভালো প্রস্তুতির জন্য অষ্টম শ্রেণির গণিত, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবই ও পদসংশ্লিষ্ট বইগুলো ভালো ভূমিকা রাখবে।যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া
১ আগস্ট ২০২৫ অনুসারে প্রার্থীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫। পদের যাবতীয় তথ্য পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে