মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে ব্রডগেইজ রেললাইনের গেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। বুধবার মধ্যরাতে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আদমদীঘি উপজেলার বামনী গ্রামের মৃত নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৯) ও একই গ্রামের হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৯)।  আহত হয়েছেন- তাদের বন্ধু একই গ্রামের আবদুর রহিমের ছেলে মো. আকাশ (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে নওগাঁর তিলকপুরে তাদের বন্ধুর বাড়িতে বেড়াতে যান। রাতে সেখান থেকে বাড়ি ফিরছিলেন।  রাত ১২টার দিকে তারা আদমদীঘির ছাতিয়ানগ্রামে অরক্ষিত ব্রডগেইজ রেললাইন পার হওয়ার চেষ্টা করেন।  এ সময় ঢাকা ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী দূরে ছিটকে পড়েন।  ঘটনাস্থলেই তৌফিক ও মারুফের মৃত্যু হয়।  গুরুতর আহত হন আকাশ।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ছাতিয়ানগ্রাম রেলগেটে হুমায়ুন কবির নামে একজন গেটম্যান রয়েছেন। সরকারিভাবে তিনি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি চলে গেলে রাতে গেটটি অরক্ষিত থাকে। রাতে ওই অরক্ষিত রেলগেট পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আকাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com