সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকায় দুর্গাপূজা যেখানে যেতে পারেন

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসবে বর্ণিল সাজে সেজে ওঠে ঢাকার কিছু এলাকা। পূজার মণ্ডপ ঘিরে বসে হরেক রকমের মেলা। পূজায় ঢাকায় ঘুরতে  যেতে পারেন এমন কয়েকটি মণ্ডপের খোঁজ নিয়েছেন আহমেদ ইমরান

২৮ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের ৩১ হাজার ৫৬৬টি মণ্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। গত বছরের তুলনায় এ বছর এক হাজারের বেশি বেড়েছে পূজামণ্ডপ। এর মধ্যে রাজধানী ঢাকায় শতাধিক মণ্ডপে হবে দুর্গোত্সব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজে উঠবে নগরী।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির

দুর্গাপূজায় ঢাকায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী রোডে মন্দিরটির অবস্থান।

মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে উদযাপন করা হয় ভক্তি আর নিষ্ঠার সঙ্গে। মণ্ডপের ভেতর ও বাইরে চমত্কারভাবে সাজানো হয়। দেশ-বিদেশ থেকেও অনেক ভক্ত-দর্শনার্থী আসে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেখতে। বিজয়া দশমীতে বরণ, সিঁদুর খেলা ও সন্ধ্যা আরতি দেখার জন্যও এখানে প্রচুর মানুষ ভিড় জমায়।
সারাদিনই ভিড় লেগে থাকে এখানে। 

ঢাকায় দুর্গাপূজা যেখানে যেতে পারেন
রামকৃষ্ণ মিশনের কুমারীপূজা দেখতে পারেন

রমনা কালীমন্দির

ঢাকা বিশ্বিবদ্যালয়ের পাশেই রমনা কালীমন্দির। জনশ্রুতি আছে, প্রায় ৫০০ বছর আগে বদরীনাথের যশীমঠ থেকে গোপালগিরি নামে এক সন্ন্যাসী ঢাকায় এসে সাধন-ভজনের জন্য আখড়া গড়ে তোলেন। এর ২০০ বছর পর সেখানে মূল রমনা কালীমন্দির নির্মাণ করেন সাধু হরিচরণ গিরি। রমনা কালীমন্দির এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে।

রামকৃষ্ণ মিশন

কুমারীপূজার জন্য এটি বেশ বিখ্যাত। কুমারীপূজা দেখতে চাইলে যেতে পারেন এখানে। ঢাকায় শুধু রামকৃষ্ণ মিশনেই মহা অষ্টমী তিথিতে কুমারী বালিকাকে মাতৃরূপে দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারীপূজা দেখার জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা ভিড় করেন। টিকাটুলীর রামকৃষ্ণ মিশন রোডে এর অবস্থান।

বনানীর পূজামণ্ডপ

বনানী খেলার মাঠে প্রতিবছর অস্থায়ী পূজামণ্ডপ তৈরি করা হয়। ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ এই মণ্ডপ দেখতে ভিড় করে বহু মানুষ। অপরূপ সুন্দর প্রতিমা ও বর্ণিল আলোকসজ্জা নজর কাড়ে দর্শনার্থীদের। দিনের চেয়ে রাতের বনানীর পূজামণ্ডপ অনেক বেশি প্রাণবন্ত। দশমীতে গুলশান-বনানী এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, যা শেষ হয় আশুলিয়ার বিসর্জনে।

ঢাকায় দুর্গাপূজা যেখানে যেতে পারেন
পুরান ঢাকার মণ্ডপে ভিড় জমায় দর্শনার্থীরা।ছবি : সংগৃহীত

কলাবাগানের পূজামণ্ডপ

ধানমণ্ডি এলাকাবাসীর উদ্যোগে কলাবাগান মাঠে আয়োজন করা হয় শারদীয় দুর্গোত্সব। গড়ে তোলা হয় সুসজ্জিত মণ্ডপ। আকর্ষণীয় থিম, ডিজাইন ও লাইটিংয়ের মাধ্যমে এখানকার আয়োজনে মুগ্ধ হয় আগতরা। দিনের চেয়ে রাতেই বেশি ভিড় হয় এখানে।

খামারবাড়ির পূজামণ্ডপ

কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের (কেআইবি) পাশেই খামারবাড়ির পূজামণ্ডপ। আলোকসজ্জা, প্রতিমার সৌন্দর্য, প্রবেশদ্বার, অভ্যন্তরীণ কাঠামোশৈলী ও প্যান্ডেলের কারণে আলোচিত খামারবাড়ির পূজামণ্ডপ। পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এখানে। তবে রাতের বেলায় এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়।

পুরান ঢাকার মণ্ডপ

শারদীয় উত্সবে ভিন্নরূপে ধরা দেয় পুরান ঢাকা। লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকার সরু গলির ভেতরেই আয়োজিত হয় বর্ণিল দুর্গাপূজা। নিচে যাতায়াতের ব্যবস্থা রেখে ওপরে মঞ্চ তৈরি করা হয় পুরান ঢাকার গলিতে। পূজার সময় মেলা, প্রসাদ, মিঠাই, খেলনা—সবকিছুর মেলবন্ধনে পুরো এলাকা জমজমাট উত্সবের আমেজে মেতে থাকে। পুরান ঢাকার এখানে-সেখানে বহু মণ্ডপে পূজা হয়।

আরো যেখানে যেতে পারেন

এসব মণ্ডপ ছাড়াও সিদ্ধেশ্বরী কালীমন্দির, জয়কালী মন্দির, স্বামীবাগ মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ, ব্রাহ্মসমাজ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, জয়কালী মন্দিরের পূজামণ্ডপও ঘুরে আসতে পারেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com