আনন্দ প্রকাশ
এখনো তো ওর হয়নি বয়স
মোটে তিন মাস।
নির্মল হাসি দুই ঠোঁটে তার
মন কেড়ে নেয় কেবলি আমার,
যেন তার চোখে দেখেছি আমি যে
বিশাল আকাশ!
কত করে কোলে উঠবে সে বলে মুখে মৃদু বোল
হাত-পা দু’খানি মেলে ধরে চেয়ে থাকে সে কেবল।
সুরেলা ধ্বনিতে বলে ও…ও
বুঝবে না তুমি, তার নেই জো,
ডাগর চোখেতে তারকার আলো যেন উজ্জ্বল।
দুয়ার বাহিরে যত ফুল পাখি দেখে চেয়ে চেয়ে
অবাক তকিয়ে দেখে সে পৃথিবী মহা বিস্ময়ে!
হাসির শব্দে প্রকৃতি মাতালো
কণ্ঠে সুরেলা ও…ও…ও
কি জাদু জানে সে মন কেড়ে নেওয়া নিভৃত হৃদয়ে।







