সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান “দূর্গাপূজা” সমাগত। উৎসবের প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের আন্তরিক শুভ কামনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোন অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে।