বাংলাদেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল গত রবিবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।
গতকাল সোমবার জামায়াতের ফেসবুক পেজে সাক্ষাতের খবর ও ছবি প্রকাশ করা হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও এর পরিবেশ, চলমান চ্যালেঞ্জ—বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়।
শিল্প মালিকরা শিল্প-কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি তাঁর শারীরিক খোঁজখবর নিতে আসা প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধিদলে ছিলেন : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএর ওয়ান-স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া, বিজিএমইএর জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।
এ সময় জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান।