কাতারের রাজধানী দোহায় ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রসহ ১৫ সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায়। তবে যৌথ বিবৃতিতে ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে। এই প্রতিক্রিয়া বর্তমানে এই অঞ্চলের অন্যান্য অংশীদারদের সাথে আলোচনা এবং পরামর্শের অধীনে রয়েছে।’ ইসরাইলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন, যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) (স্থানীয় সময়) তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখ-িত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হবে।
এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। তিনি বলেন, আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। এই উন্নয়ন পরিকল্পনার আওতায় ৩ হাজার ৪০০টি নতুন ইসরাইলি বসতি নির্মাণের কথা রয়েছে। এতে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ওই অঞ্চলের হাজারো ইসরাইলি বসতির সঙ্গে সংযোগ স্থাপিত হবে। সূত্র : নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা।