টানা বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যমুনা নদীর পানি বিপত্সীমার ওপরে চলে গেছে। এতে প্লাবিত হয়েছে ত্রাণকেন্দ্র, ভেসে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। বন্যাদুর্গত এলাকা থেকে শত শত মানুষকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা।
গতকাল বন্যায় আলীপুর এলাকায় সড়কের একাংশ ধসে যায়। সিভিল লাইনস অঞ্চলে গাড়ি ডুবে যায়, ভবন প্লাবিত হয়।কাশ্মীরি গেটের বিভিন্ন অংশেও পানি ঢুকে পড়েছে। গত বুধবার যানজট ও জলাবদ্ধতা ব্যাপক আকার ধারণ করে।বন্যার পানি বাঁধ উপচে ত্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে যমুনা বাজার ও যমুনা খাদার থেকে মানুষকে সরিয়ে নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ও স্থানীয় প্রশাসন।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ শুক্রবার থেকে ভারি বৃষ্টি হতে পারে। সূত্র : এনডিটিভি