গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের রাস্তায় প্রকাশ্যে স্ত্রী শিল্পী বেগমকে কেটে গলা কেটে হত্যা করেন স্বামী মো. তুহিন (৩২)। তাঁকে গ্রেপ্তারের পর জানা যায় তিনি মাদক সেবন করেন। গতকাল দক্ষিণখান থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা এ তথ্য দেন।
গত বুধবার রাজধানীর মোহাম্মদপুরের ফাজরাবাদ এলাকায় গভীর রাতে মাদকসেবী কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারের সাতজন জখম হয়। পরে পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে, তারা সেই রাতে সবাই মাদক সেবন করে।
পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, সমাজে মাদক কারবার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রকাশ্যে বিক্রি হওয়া ইয়াবা, হেরোইনসহ অন্যান্য মাদকের প্রভাবে দেশে অপরাধ যাতে বাড়তে না পারে, সেদিকে তাদের নজরদারি রয়েছে। চলতি বছরের গত চার মাসে দেশের বিভিন্ন থানায় ১৬ হাজার ৪৮৫টি মাদকদ্রব্যসংক্রান্ত মামলা হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে চার হাজার ১২১.২৫টি মামলা হয়।
সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, এসব মামলার বেশির ভাগ আসামি মাঠ পর্যায়ের মাদক বিক্রেতা। এসব মাদক ব্যবসায়ীর অনেকে গ্রেপ্তার হলেও আড়ালে থাকা শীর্ষ কারবারিরা ধড়া পড়ছে না। তাদের নিয়ন্ত্রণে দেশে মাদক ব্যবসা বাড়ছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, চলমান বিশেষ অভিযানে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পুলিশের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্প্রতি বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) হিসাব অনুযায়ী, দেশে মাদকসেবী প্রায় দেড় কোটি। এর মধ্যে এক কোটি মাদকাসক্ত এবং বাকি ৫০ লাখ মাঝেমধ্যে মাদক সেবন করে। এই হিসাবে দেশে প্রায় ১৭ কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতি ১২ জনে একজন মাদকসেবী।
সংস্থাটির তথ্য মতে, দেশে মাদকাসক্তদের ৮০ শতাংশ কিশোর-তরুণ। এর মধ্যে ৬০ শতাংশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পরিসংখ্যান অনুযায়ী, মাদকাসক্তদের ৩০ শতাংশ শুধু নেশার খরচ জোগাতে অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ছে।
বর্তমানে মাদকাসক্তদের সঠিক পরিসংখ্যান না থাকলেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, দেশে এক কোটির বেশি মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ইয়াবায় আসক্তি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। দেশ মাদক পরিস্থিতি নিয়ে এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, দেশে মাদকাসক্তদের মধ্যে ৮৪ শতাংশ পুরুষ ও ১৬ শতাংশ নারী। বেসরকারি আহসান উল্লাহ নারী মাদক নিরাময় কেন্দ্রের তথ্য বলছে, তাদের মাদক নিরাময় কেন্দ্রে এখনো অর্ধশতাধিক নারী মাদকাসক্ত আছে।
বিজিবির তথ্য বলছে, গত বছর তাদের অভিযানে সীমান্ত থেকে ১২ লাখ ৬১ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, সাত কেজি ৩৫ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৩৭ বোতল ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদকের টাকা না পেয়ে আপনজনকে হত্যা : গত ১৩ মে ফেনীর ছাগলনাইয়ায় লায়লা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ তথ্য জানিয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ খুনের ঘটনায় ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ উঠেছে, মাদকের টাকা না পেয়ে মামুন তার মাকে খুন করে। গত ১২ মে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে মাদক কেনার টাকা না পেয়ে বৃদ্ধ বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য দেন। গত ৫ এপ্রিল বরগুনার আমতলীতে মাদকের টাকা না পেয়ে পলি বেগম নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে।