তদন্ত দাবি তারেক রহমানের : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার আইনানুগ তদন্তের দাবি জানিয়েছেন। নুর আহত হওয়ার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে, চলমান অস্থিরতার ঘেরাটোপমুক্ত করতে হবে। আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে হাসপাতালে নুরকে দেখতে যায়। তাঁর সঙ্গে ছিলেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
প্রতিবাদে জামায়াতের সমাবেশ : নুর ও তাঁর দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি।
নিন্দা ও প্রতিবাদ ঢাবি সাদা দলের : ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
গণঅধিকার পরিষদের বিক্ষোভ : নুর ও তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল দুপুরে গণঅধিকার পরিষদ রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।